tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকএশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা–ভূমিধস: মৃতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই

এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা–ভূমিধস: মৃতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় টানা বর্ষণ ও ঝড়ের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এসব দেশে এখন পর্যন্ত প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। গত কয়েক বছরের মধ্যে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। বহু বাড়িঘর ধসে পড়েছে, হাজারো মানুষ আটকা পড়েছেন এবং বহু লোক ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষায় আছেন। দেশটিতে ৩০০ জনের বেশি মারা গেছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শ্রীলঙ্কায় সাইক্লোন ‘দিতওয়া’ আঘাত হানার পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি হয়েছে ১৩০ জনের বেশি। নিখোঁজ রয়েছেন প্রায় ১৭০ জন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি, এবং লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যার পানি ৩ মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাট ইয়াই শহরে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে—যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। মরদেহ রাখার জায়গা সংকট দেখা দেওয়ায় রেফ্রিজারেটেড ট্রাক দিয়ে লাশ সংরক্ষণ করা হচ্ছে।

মালয়েশিয়ার উত্তরের পেরলিস প্রদেশে তেমন প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু এলাকা পানির নিচে, হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

একাধিক অঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, টাইফুন ‘কোতো’, বিরল সাইক্লোন ‘সেনইয়া’ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বৃষ্টির তীব্রতা ও স্থায়িত্ব বেড়েছে, যা বন্যা ও ভূমিধসের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে।