ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশপথকে ‘পুরোপুরি বন্ধ’ হিসেবে বিবেচনা করতে সব এয়ারলাইনস ও সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তবে এ আহ্বানের নির্দিষ্ট কারণ তিনি ব্যাখ্যা করেননি।
সম্প্রতি জ্বালানি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ওয়াশিংটনের দাবি—মাদক পাচার ঠেকাতেই এই তৎপরতা; তবে কারাকাস বলছে, মাদুরো সরকারকে উৎখাত করাই যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য।
সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি ‘মাদকবাহী’ নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এসব নৌযান ভেনেজুয়েলার ছিল বলে দাবি করা হচ্ছে। ধারাবাহিক সামরিক অভিযান অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশসীমায় অপারেটরদের ‘সতর্কতা অবলম্বন’ করতে বলেছে—কারণ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক তৎপরতা বৃদ্ধি।
এই সতর্কতার পর দক্ষিণ আমেরিকার আকাশপথে চলাচলকারী ছয়টি প্রধান এয়ারলাইনস ভেনেজুয়েলাগামী সব ফ্লাইট স্থগিত করেছে—স্পেনের ইবেরিয়া, পর্তুগালের টিএপি, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলি-ব্রাজিলের ল্যাটাম, ব্রাজিলের গোল এবং টার্কিশ এয়ারলাইনস।
ফ্লাইট স্থগিতের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ কারাকাস এসব এয়ারলাইনসকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ভেনেজুয়েলার অভিযোগ—এ কোম্পানিগুলো ‘মার্কিন সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অংশ নিয়েছে’।



