জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’র আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও এনসিপিকে দেশের ৫৮তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতীকের ছবিটি যুক্ত করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়। প্রকাশিত ছবিতে একটি অঙ্কুরিত শাপলা কলিকে গোলাকার শাপলা পাতার ওপর সোজাভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই ছবি ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, তারা অনানুষ্ঠানিকভাবে ইসির কাছ থেকে প্রতীকের চূড়ান্ত ছবি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এরপরই ইসির ওয়েবসাইটেও ছবিটি প্রকাশ করা হয়।
এর আগে গত ৯ নভেম্বর এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)।



