জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী শনিবার রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মক ভোটিং চলবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের কারণে পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে এটি আয়োজিত হচ্ছে। মক ভোটিংয়ের ফলাফল বিশ্লেষণ করে কেন্দ্র বৃদ্ধি, সমন্বয়, ভোটকক্ষ বা জনবল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আখতার আহমেদ বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে—এ সংক্রান্ত অধ্যাদেশ সোমবার জারি হয়েছে। তবে আভাস পাওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছিল। কাগজে-কলমে এবং মাঠপর্যায়ের প্রস্তুতিও অগ্রিম নেয়া হয়েছে। অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয়ও চলমান আছে।
এসময় তিনি জানান, প্রবাসী ভোটার নিবন্ধনের অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা ও পাঁচ দিনের সময়সীমা তুলে দেয়া হয়েছে। ১৮ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রমে প্রবাসীরা বুধবার রাত ১২টার পর থেকে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বরই থাকবে।
তবে নিবন্ধন উন্মুক্ত হওয়ায় কিছু কারিগরি ত্রুটি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যেমন- কয়েক জায়গায় ওটিপি না পৌঁছানোর সমস্যা পাওয়া গেছে। এসব ত্রুটি তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হবে বলে জানান ইসির টেকনিক্যাল টিম।



