প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করতে যাচ্ছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটি জানায়, বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডসংক্রান্ত জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি—এই তিন দাবিতেই তারা আন্দোলন চালিয়ে আসছেন।
সংগঠনটি জানায়, ৮ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন। এরপর ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিলেও তিন দফা দাবির মধ্যে কেবল ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারির অগ্রগতি দেখা গেছে; বাকি দুই দাবিতে কোনো সমাধান হয়নি।
এই পরিস্থিতিতে পূর্বঘোষিত ৩০ নভেম্বরের কর্মসূচি এগিয়ে এনে ২৭ নভেম্বর থেকে পূর্ণদিবস লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। নেতারা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের ‘স্পষ্ট কমিটমেন্ট’ থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় শিক্ষকরা আর অপেক্ষা নয়—দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।



