আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বুধবার প্রথম দফায় ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ৩০ নভেম্বর বিকেল থেকেই বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কার্যালয়) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। এছাড়া যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তারা কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



