রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দ্রুত আরোগ্য কামনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন ফটোকার্ড শেয়ার করেন। এতে লেখা ছিল— ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।’
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ড তার বর্তমান শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
ডা. জাহিদ হোসেন জানান, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন।
এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।



