ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব করা ২৮ দফা চুক্তি নিয়ে ইতোমধ্যেই আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। রাশিয়া জানিয়েছে, তারা চুক্তির খসড়া পেয়েছে এবং শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। এদিকে ইউক্রেনও জানাচ্ছে, যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ মঙ্গলবার (২৫ নভেম্বর) বলেন, তারা খুব দ্রুতই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ‘জেনেভায় অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনায় চুক্তির মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে।’ তবে হোয়াইট হাউস এখনো ট্রাম্প–জেলেনস্কি বৈঠক নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, তাদের কর্মকর্তারা আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা মস্কো হাতে পেয়েছে এবং তারা এ নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
এরইমধ্যে সোমবার রাতে রাশিয়া–ইউক্রেন সীমান্তজুড়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। কিয়েভের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় শহরে অন্তত ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়া দাবি করছে, রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।
রুস্তেম উমেরভ জানান, নভেম্বরেই সম্ভব দ্রুততম সময়ে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি চলছে, যাতে চূড়ান্ত আলোচনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো যায়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে উমেরভ লিখেছেন, মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল ‘শান্তি পরিকল্পনার মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায়’ পৌঁছেছে। এক মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ইউক্রেন একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে, যদিও কিছু ছোটখাটো বিষয় এখনও বাকি আছে।
এর আগে কিয়েভ ও ইউরোপীয় নেতারা ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রাথমিক খসড়াকে সমালোচনা করেছিলেন, কারণ তাদের মতে, এটি রাশিয়ার পক্ষে বেশি সুবিধাজনক। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রস্তাবিত পাল্টা পরিকল্পনায় রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর স্বীকৃতি নেই। পাশাপাশি ইউক্রেনের অনুমোদিত সেনা সংখ্যা বাড়ানো হয়েছে এবং ন্যাটোতে যোগদানের পথও খোলা রাখা হয়েছে।
বিতর্কিত ২৮ দফা মার্কিন শান্তি কাঠামোয় আনা পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখন আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে, এবং এই কাঠামোয় বহু সঠিক উপাদান যুক্ত হয়েছে।



