মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯ জনই শিশু।
আফগান কর্তৃপক্ষ জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই হামলা হয়।
এ ছাড়া পৃথক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।”
তিনি আরও জানান, হামলায় পাঁচ ছেলে ও চার মেয়েসহ মোট ৯ শিশু এবং একজন নারী নিহত হয়েছেন।
মুজাহিদ দাবি করেন, উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে, যেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।



