পাঁচ তারকা হোটেলে কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক পাইলটের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাঙ্গালোরে ঘটে যাওয়া এ ঘটনায় ধর্ষণের শিকার কেবিন ক্রু নিজেই অভিযোগ দায়ের করেছেন। এনডিটিভির অনলাইন সংস্করণ জানায়, অভিযুক্ত রোহিত সারান একটি বেসরকারি এভিয়েশন প্রতিষ্ঠানের পাইলট।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর। ওই দিন হায়দরাবাদের বেগমপেট এবং অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে একটি চার্টার্ড প্লেনে রোহিত সারান তার সহকর্মী ও অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোরের একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন। ১৯ নভেম্বর তাদের পুট্টাপার্থিতে ফিরে যাওয়ার কথা থাকায় তিনজনই বিশ্রামের জন্য হোটেলে চেক-ইন করেন।
অভিযোগ অনুযায়ী, রোহিত সারান সিগারেট খাওয়ার অজুহাতে কেবিন ক্রুকে তার কক্ষের কাছে নিয়ে যান এবং সেখানে জোর করে ঘরে ঢুকিয়ে ধর্ষণ করেন।
২০ নভেম্বর বেগমপেটে ফেরার পর ওই কেবিন ক্রু বিষয়টি এভিয়েশন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানান এবং বেগমপেট থানায় একটি জিরো এফআইআর দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় (ধর্ষণ) মামলা করা হয়েছে এবং তদন্তের স্বার্থে মামলাটি ব্যাঙ্গালোর সিটির হালাসুরু থানায় হস্তান্তর করা হয়েছে।



