বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (১৯ নভেম্বর) ৬১ বছর পূর্ণ করছেন। দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলের পক্ষ থেকে দোয়া–মিলাদ এবং অর্থদানের আয়োজন ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়নি। দলীয় সূত্রে বলা হয়েছে, এ সিদ্ধান্ত তারেক রহমানের নিজ নির্দেশনায় নেওয়া হয়েছে।
১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। পরিবারের কাছে তার ডাকনাম ‘পিনো’।
রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে যোগ দেন। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের সঙ্গে দেশে প্রচারণায় অংশ নেন। পরে ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান।
২০০৯ সালের বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র জানিয়েছে, ওমরাহ পালনের পর আগামী মাসে তিনি দেশে ফিরবেন।



