সারা দেশের সেরা খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং দিনব্যাপী নানা আয়োজনে জমে উঠেছিল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। সেই প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়েই পর্দা নামলো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব’-এর তৃতীয় আসরের।
জাতীয় পর্যায়ে বিএএফ শাহীন কলেজের আরীব বিন ফারুক ও সাইম ইবনে সারওয়ার তাদের ‘দ্য সল্টিং আউট’ প্রজেক্টের মাধ্যমে অর্জন করেছে দেশসেরার মর্যাদা। দ্বিতীয় স্থান অর্জন করেছে বরিশালের ব্রজমোহন স্কুলের এস.এম. সাইফান শাফি, তার প্রজেক্ট ‘পোকেডেক্স: দ্য আল্টিমেট অ্যাডভান্সড এআই অ্যাসিস্ট্যান্ট’-এর জন্য। আর তৃতীয় স্থান পেয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী রায়িন আর রাদ, তার প্রজেক্ট ‘ক্লাইমাকোর’-এর মাধ্যমে।
চূড়ান্ত পর্বে মোট ৭০টি প্রজেক্টের মধ্য থেকে ১৫টি সেরা প্রজেক্টকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞান প্রজেক্টের প্রথম তিনটি দল বিকাশ-এর সৌজন্যে ল্যাপটপ পায়, আর কুইজ প্রতিযোগিতার দুই ক্যাটাগরিতে বিজয়ীরা বিজ্ঞানচিন্তার সৌজন্যে ট্যাব ও বিকাশ-এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার লাভ করে। এছাড়া বিজয়ী দলগুলোর হাতে বই, ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, বিজ্ঞানচিন্তা-এর সম্পাদক আব্দুল কাইয়ুম, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য মো. আশরাফুল হক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন, এবং বিকাশ-এর পক্ষ থেকে ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ূন কবীর ও রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স-এর ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান।



