আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোরে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। কয়েক মাস আগেই আরেকটি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হওয়ার পর আবারও নতুন কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। খবর এএফপির।
ইউএসজিএস-এর তথ্যানুসারে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি এলাকায়। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর কারণে অতীতেও এমন দুর্যোগে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। অনেক সময় দূরবর্তী গ্রামগুলোতে পৌঁছাতে কর্তৃপক্ষের ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েক দিনও লেগে যায়।
ভূমিকম্পের সময় উত্তরাঞ্চলের বৃহত্তম শহর মাজার-ই-শরিফে বহু মানুষ ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় রাস্তায় নেমে আসেন। রাজধানী কাবুল থেকেও প্রায় ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) দূর পর্যন্ত তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন এএফপির এক সংবাদদাতা।



