tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিসমাজকে আলোর পথে নিতে ইমামদের ভূমিকা অনন্য: এ্যানি

সমাজকে আলোর পথে নিতে ইমামদের ভূমিকা অনন্য: এ্যানি

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইমাম ও খতিবরা সমাজকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলাম আমাদের মানবতার কল্যাণে কাজ করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে ও শান্তি বজায় রাখতে শিক্ষা দিয়েছে। সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরার দায়িত্বও তাঁদের ওপরই বেশি।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, লক্ষ্মীপুর জেলা শাখা।

এ্যানি বলেন, “ইমামরা সমাজের জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। যখন সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়, তখন তাঁরাই আলো ছড়িয়ে দেন। অতীতে নানা বাধা-বিপত্তির কারণে আপনারা কাজের স্বাধীনতা হারিয়েছিলেন, তবে এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনের পথে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর আদর্শ ভিন্ন হলেও আমাদের লক্ষ্য এক—একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া। জুমার খুতবার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও মাদকবিরোধী বার্তা তুলে ধরলে সমাজ উপকৃত হবে। এই দায়িত্বে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মাদক ও সন্ত্রাসকে সমাজের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, “যদি আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে না পারি, তবে সব উন্নয়নই ব্যর্থ হয়ে পড়বে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা মুজাহিদুল হক। প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হারুন আল মাদানী এবং প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্যার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।