জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ— এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলো বিএনপির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবগুলোর সঙ্গে পুরোপুরি মিল নেই। বলা হয়েছে, ৪৮টি দফার ওপর গণভোট হবে— কিন্তু সে বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিনের আলোচনা ও প্রস্তুতির উদ্দেশ্য কী ছিল, তা প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন, “যেগুলোতে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা নেই। জুলাই সনদের জায়গায় এখন কমিশন ও কয়েকটি দলের প্রস্তাবই মূল হয়ে দাঁড়িয়েছে। কমিশনের লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু বর্তমান প্রস্তাবগুলো বরং বিভক্তি ও অনৈক্য সৃষ্টি করতে পারে। তাদের প্রকৃত উদ্দেশ্য কী— তা আমরা জানি না।”
আরপিও সংশোধন ও জোটের প্রতীক বিষয়েও মত দেন সালাহউদ্দিন। তিনি বলেন, “জোটভুক্ত রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারার কথা ছিল। কিন্তু হঠাৎ বলা হলো— জোটবদ্ধ হলেও সবাইকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আরও দেখলাম, একটি রাজনৈতিক দল সেটির পক্ষে মত দিয়েছে— যা আমরা প্রত্যাশা করিনি।”
সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, “বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন প্রশাসনের দায়িত্ব নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবে— এটাই আমাদের প্রত্যাশা। তবে এখন পর্যন্ত ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ড আমাদের হতাশ করেছে।”



