tanaka
প্রচ্ছদজাতীয়২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক: যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক: যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ দুই দশক পর দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে কমিশনের নবম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, বৈঠকে ঢাকা ও ইসলামাবাদ বাণিজ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, ওষুধ ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করেছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “২০ বছর পর আমরা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সংলাপ পুনরায় শুরু করেছি, যা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃষি, তথ্যপ্রযুক্তি, খাদ্য, সামুদ্রিক পরিবহণ ও অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এতে উভয় দেশই উপকৃত হবে।”

তিনি আরও বলেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি পারস্পরিক সহযোগিতা বাড়ায়, তবে তা গোটা অঞ্চলের জন্যই মঙ্গলজনক হবে। আমরা এই সহযোগিতা কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছি।”

অর্থ উপদেষ্টা জানান, আলোচ্য বিষয়গুলোর অগ্রগতি তদারকির জন্য বেসামরিক বিমান পরিবহন ও নৌপরিবহনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে নির্দিষ্ট ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে।

বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৈঠকে কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়নি।”

অন্যদিকে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “আমরা আলোচনায় গৃহীত সহযোগিতা বাস্তবায়নের চেষ্টা করব। আশা করি, পরবর্তী জেইসি বৈঠকে মিলিত হলে উভয় দেশই নির্ধারিত লক্ষ্যগুলোতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারবে।”