tanaka
প্রচ্ছদজাতীয়বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দেবে পাকিস্তান

বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দেবে পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অপরদিকে, বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছে পাকিস্তান।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি এবং নৌপরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। তারা জানান, চীনসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমে বাংলাদেশ পাকিস্তানের করাচি বন্দর ট্রাস্ট (কেপিটি) ব্যবহার করতে পারবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “আজ আমরা বাংলাদেশ–পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক করেছি, যা দুই যুগ পর অনুষ্ঠিত হলো। ২০০৫ সালের পর এ ধরনের বৈঠক আর হয়নি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা, যেখানে কৃষি, বাণিজ্য, কমার্স ও তথ্যপ্রযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।”

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “এই আলোচনার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির বিষয়েও আমরা আলোচনা করেছি।”