বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একটি যৌথ চিঠি দিয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করে। এতে বাংলাদেশে রাজনৈতিক দলের কার্যক্রমে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশেষ করে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব দলের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এছাড়া, মানবাধিকার রক্ষা, নিরাপত্তা বাহিনীর সংস্কার, বিচারব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয় চিঠিতে।
চিঠিতে স্বাক্ষরকারী ছয়টি সংস্থা হলো:
- হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)
- কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)
- সিভিকাস (দক্ষিণ আফ্রিকা)
- ফোরটিফাই রাইটস (থাইল্যান্ড)
- রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস (যুক্তরাষ্ট্র)
- টেক গ্লোবাল ইনস্টিটিউট
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ড. ইউনূসের সঙ্গে একটি বৈঠকের পর এসব সংস্থা তাদের এই ‘ফলো-আপ’ চিঠিতে অন্তর্বর্তী সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে, রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা বাহিনীর কাঠামোগত সংস্কার ছাড়া বাংলাদেশে টেকসই গণতন্ত্র গড়া সম্ভব নয়।



