tanaka
প্রচ্ছদরাজনীতিরাজনীতিবিদদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিচ্ছে: মির্জা ফখরুল

রাজনীতিবিদদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিচ্ছে: মির্জা ফখরুল

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এত বড় একটি গণ-আন্দোলনের পর দেশ গঠনের একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আজ রাজনীতির অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি বিভক্তির চিত্র—রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, কেউ কেউ রাজনীতি থেকে সরে যাচ্ছেন। এটা হতাশাজনক।”

গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ মাসিক ম্যাগাজিনের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিএনপি মহাসচিব।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “ভবিষ্যৎ তোমাদের ডাকছে। তোমরাই আগামীর নেতৃত্ব দেবে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।” তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে তাদের অনুপ্রাণিত করেন।

শিক্ষাব্যবস্থার দুরবস্থার জন্য রাজনীতি ও আমলাতন্ত্র দায়ী

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থা আজ অনেকটাই নিম্নমানের। এর জন্য দায়ী আমরাই—রাজনীতিবিদ ও আমলারা। সাধারণত বিএ বা এমএ পাস করা শিক্ষার্থীরা কর্মসংস্থান পায় না, কারণ তাদের হাতে কোনো দক্ষতা বা প্রযুক্তিগত প্রশিক্ষণ নেই। কিন্তু একজন যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়, তবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।”

তিনি বলেন, “আমাদের শিক্ষানীতিতে বড় ধরণের পরিবর্তন আনা জরুরি। উচ্চশিক্ষা সীমিতসংখ্যক মেধাবী শিক্ষার্থীর জন্য বরাদ্দ রেখে, বাকিদের জন্য ভোকেশনাল ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে। দুঃখজনকভাবে দেশে পর্যাপ্ত ভোকেশনাল সেন্টার নেই, কারিগরি শিক্ষার সুযোগ সীমিত।”

বর্তমান শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছেন বেতন বৃদ্ধির দাবিতে। কিন্তু এর সমাধান হতো যদি আমরা একটি কার্যকর, দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম।”

অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক হারুন-অর-রশিদ, শিক্ষাবিদ এমএ সাজ্জাদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আহ্বায়ক কবীর হোসেন, সদস্য সচিব কাজী শওকত হোসেনসহ কৃতি শিক্ষার্থীরা।