গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইসরায়েলি পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে চুক্তিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ৪৮ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, সরকার সব জিম্মির — জীবিত ও মৃত — মুক্তির কাঠামো অনুমোদন করেছে।
চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তির আওতায় ইসরায়েলকে নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করতে হবে বলেও উল্লেখ রয়েছে।
ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, সেনা প্রত্যাহার সত্ত্বেও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।



