tanaka
প্রচ্ছদমতামতডিজিটাল মুদ্রা বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করবে বাংলাদেশকে

ডিজিটাল মুদ্রা বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করবে বাংলাদেশকে

বাংলাদেশের ব্যাংকিং ও শিল্প খাতে প্রযুক্তির দুর্বলতা এবং এর ফলে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত প্রকট। অনিরাপদ ব্যাংকিং ব্যবস্থা এবং নিম্নমানের আইটি অবকাঠামো এই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে। উদাহরণস্বরূপ, ২০১৩ সালে সোনালী ব্যাংকের ঘটনায় সাইবার অপরাধীরা সুইফট (SWIFT) আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে ৪ কোটি টাকা চুরি করেছিল। এর চাইতেও বড় সাইবার আক্রমণের ঘটনা ঘটে ২০১৬ সালে, যখন বাংলাদেশ ব্যাংকের ১,২৩২ কোটি টাকা ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউইয়র্ক অ্যাকাউন্ট থেকে চুরি হয়। উন্নত দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের আধুনিক প্রযুক্তিগত অবকাঠামোর তুলনায় আমাদের ব্যাংকের আইটি সিস্টেমগুলি অত্যন্ত ভঙ্গুর। বাংলাদেশের বর্তমান আইটি আর্কিটেকচার এতটাই দুর্বল যে তা সামান্যতম সাইবার আক্রমণও প্রতিহত করতে সক্ষম নয় এবং এটি গুরুতর সাইবার আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলস্বরূপ, সরকারি, বেসরকারি, আইন প্রয়োগকারী সংস্থা এবং শিল্প কারখানার আইটি সিস্টেমগুলি ঘন ঘন অকার্যকর হয়ে পড়ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এই দুর্বলতাগুলি নির্দেশ করে যে একটি শক্তিশালী, আধুনিক এবং সুরক্ষিত ডিজিটাল আর্থিক ব্যবস্থা ও নিরাপদ আর্থিক লেনদেন গড়ে তোলার জন্য বাংলাদেশে দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন অত্যাবশ্যক।

বাংলাদেশের অভ্যন্তরীণ আইটি ব্যবস্থার দুর্বলতার সাথে সাথে কেন্দ্রীভূত ব্যাংকিং ব্যবস্থারও বেশ কিছু উল্লেখযোগ্য সমস্যা রয়েছে। আর্থিক লেনদেনের জন্য আমরা পুরোপুরি ব্যাংক ও সরকারের উপর নির্ভরশীল হয়ে থাকি। এর অর্থ হলো যে, ব্যাংক চাইলেই যে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে বা বিধিনিষেধ আরোপ করতে পারে, অ্যাক্সেস অস্বীকার করতে পারে বা উত্তোলন সীমা আরোপ করতে পারে। সরকার মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে, যা মুদ্রাস্ফীতির দিকে নিয়ে যায়। তারই সাথে, অনুন্নত অঞ্চলের মানুষের জন্য ব্যাংকিং পরিষেবাগুলিতে প্রবেশাধিকার সীমিত থাকে। এছাড়াও, আন্তর্জাতিক ব্যাংক স্থানান্তর (SWIFT, ওয়্যার ট্রান্সফার) প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক দিন সময় নিতে পারে। তার সাথে রয়েছে লেনদেনের উচ্চ ফি, বিশেষ করে রেমিট্যান্সের (অভিবাসীদের পরিবারকে পাঠানো অর্থ) উপরে।

বিশ্বের সকল দেশেই ফিয়াট মুদ্রা তাদের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, যারা সীমাহীন অর্থ মুদ্রণ করতে পারে। এর কারণে আমরা দেখেছি দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার দেশগুলি (যেমন ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে) অতি-মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে। যা অর্থনৈতিক ভাবে দেশগুলোকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে, এবং জনগণ সীমাহীন ভোগান্তির সম্মুখীন হয়েছে। বর্তমান পৃথিবীতে, বিশ্বব্যাপী প্রায় ১.৪ বিলিয়নেরও বেশি মানুষের ব্যাংকে অ্যাক্সেস নেই।  ঐতিহ্যবাহী ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমগুলো (ক্রেডিট কার্ড, পেপ্যাল) প্রতিটি লেনদেন ট্র্যাক করে থাকে, সরকার এবং কর্পোরেশনগুলি ব্যবহারকারীর ডেটা সংগ্রহ ও নিয়ন্ত্রণ করে। কিন্তু, সংকটের সময়ে (যেমন অর্থনৈতিক পতন, সরকারী দখল), মানুষ ব্যাংকে সংরক্ষিত তাদের নিজস্ব অর্থের অ্যাক্সেস হারায়। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকের মতো মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করে যারা দুর্নীতিগ্রস্ত বা অদক্ষ হতে পারে, ও সরকার এবং প্রতিষ্ঠানগুলি রেকর্ড ম্যানিপুলেট করতে বা আর্থিক লেনদেন লুকাতে পারে। আর্থিক ব্যবস্থা ধীর, ব্যয়বহুল, কেন্দ্রীভূত এবং মুদ্রাস্ফীতি, সেন্সরশিপ ও দুর্নীতির জন্য দুর্বল থাকে।

আমি এর আগেও আমার একটি লেখায় উল্লেখ করেছিলাম যে, এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ব্লকচেইন (Blockchain)-এর মতো উদ্ভাবনী প্রযুক্তিগুলির পূর্ণাঙ্গ প্রয়োগ ইন্ডাস্ট্রি ৫.০-এর উপযোগী সুযোগ তৈরি করতে পারে। এই ক্ষেত্রটিতে প্রযুক্তি-কেন্দ্রিক, উচ্চ মানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। আমি মনে করি যে,  এখন সময় এসেছে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার এবং সমস্ত গুরুত্বপূর্ণ খাতে এই উদ্ভাবনী প্রযুক্তিগুলিকে একীভূত করে এমন সিস্টেম তৈরী করা। আমাদেরকে বর্তমান ব্যাঙ্কিং ব্যবস্থা এবং আইটি সিস্টেমকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন তা অর্থ পাচার রোধ, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণ, ব্যাংকিং খাতকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করা এবং দ্রুত, স্বচ্ছ ও সাশ্রয়ী লেনদেন ব্যবস্থা নিশ্চিত করতে পারবে, যা সাধারণ জনগণ তার সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) থেকে শুরু করে বড় কর্পোরেশন সহ সব ধরনের ব্যবসার জন্য অপরিহার্য।

এরই পরিপ্রেক্ষিতে আজকের এই লেখায় আমি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে কথা বলতে চাই, যার সাহায্যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার আধুনিকীকরণের সাথে আন্তর্জাতিক বাজারের সাথেও  সম্পূর্ণরূপে সংযুক্ত হতে পারবো।  আলোচনার শুরুতেই চলুন ডিজিটাল মুদ্রা কি, এর প্রকারভেদ এবং অন্যান্য সহযোগী প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে আসা যাক। তারই সাথে, আমি বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক খাতে আইটি অবকাঠামো আধুনিকীকরণের লক্ষে একটি বিস্তারিত রোডম্যাপ প্রস্তাব করতে চাই যার মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন সুরক্ষিত ব্যাংকিং  ব্যবস্থা গড়ে তুলতে পারবো, যেটা কিনা বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করবে।

ডিজিটাল মুদ্রা হলো এমন অর্থ যা শুধুমাত্র ইলেকট্রনিক রূপে বিদ্যমান এবং লেনদেন ও বাণিজ্যের জন্য কোনো মধ্যস্থতাকারী ছাড়াই ব্যবহার করা যায়। এই ব্যবস্থা প্রচলিত নগদ অর্থের বিপরীতে একটি ডিজিটাল লেজার সিস্টেমে সংরক্ষিত হয়, যা দ্রুত ও সুরক্ষিত অর্থ স্থানান্তরকে সম্ভব করে তোলে। ডিজিটাল মুদ্রার প্রধানত তিনটি প্রকারভেদ রয়েছে: প্রথমত, ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrencies) যেমন বিটকয়েন বা ইথেরিয়াম, যা বিকেন্দ্রীভূত লেজার প্রযুক্তি (সাধারণত ব্লকচেইন) ব্যবহার করে পরিচালিত হয় এবং কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। দ্বিতীয়ত, ভার্চুয়াল মুদ্রা (Virtual Currencies) যা কোনো নির্দিষ্ট ভার্চুয়াল পরিবেশে (যেমন গেমিং বা সামাজিক প্ল্যাটফর্মে) ব্যবহার করা হয় এবং তৃতীয়ত, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল মুদ্রা (CBDCs), যা একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সরাসরি জারি ও নিয়ন্ত্রিত হয় এবং এটি দেশের ফিয়াট মুদ্রার একটি ডিজিটাল সংস্করণ। এই প্রযুক্তিগত ভিন্নতা সত্ত্বেও, সমস্ত ডিজিটাল মুদ্রার মূল লক্ষ্য হলো আধুনিক লেনদেন ব্যবস্থাকে আরও দক্ষ এবং সহজ করে তোলা।

ডিজিটাল মুদ্রা দ্রুত লেনদেনের সময় এবং কম খরচের মতো সুস্পষ্ট সুবিধা প্রদান করলেও, এটি বেশ কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়। এই ক্ষেত্রে, হ্যাকিংয়ের ঝুঁকি এবং উচ্চ মূল্যের অস্থিরতা (Volatility) অন্যতম। এই  হ্যাকিংয়ের ঝুঁকিগুলোর কারণে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা বা CBDC নিয়ে গবেষণা করছে। CBDC প্রচলনের মূল উদ্দেশ্য হলো অর্থ প্রদানের ব্যবস্থা উন্নত করা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সমাজের বৃহত্তর অংশকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসা। উদাহরণস্বরূপ, CBDC-এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরাসরি ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া যেতে পারে, যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করবে। ডিজিটাল মুদ্রার ভবিষ্যত সম্ভবত স্টেবলকয়েন (Stablecoins)-এর মতো উদ্ভাবন এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত মুদ্রা ব্যবস্থার দিকে ঝুঁকছে। স্টেবলকয়েন এমন ক্রিপ্টোকারেন্সি যা ডলার বা সোনার মতো একটি স্থিতিশীল সম্পদের সাথে তাদের মূল্যমান ১:১ অনুপাতে ধরে রাখে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আরও নির্ভরযোগ্য ডিজিটাল মাধ্যম সরবরাহ করতে পারে।

ডিজিটাল মুদ্রার অন্যতম প্রধান সুবিধা হলো, এটি আন্তঃসীমান্ত লেনদেনকে অত্যন্ত সহজ করে তোলে। এই মুদ্রাগুলো ব্যবহার করে লেনদেনগুলো তাৎক্ষণিকভাবে (instant transactions) এবং নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। এর অর্থ হলো, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা কোনো ব্যক্তি সিঙ্গাপুরের একটি পক্ষের সাথে একই নেটওয়ার্কে সংযুক্ত থাকেন, তবে তিনি খুব সহজে ডিজিটাল মুদ্রার মাধ্যমে মুহূর্তের মধ্যেই পেমেন্ট করতে পারবেন। এবং এর জন্য তাকে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। এই ধরনের লেনদেন ব্যবস্থায় কোনো ভৌত মুদ্রা বহন বা জটিল আন্তর্জাতিক ব্যাংকিং প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হয় না, যা সময় এবং খরচ উভয়ই সাশ্রয় করে। সংক্ষেপে বলতে চাই যে, ডিজিটাল মুদ্রা ভৌগোলিক সীমানা পেরিয়ে দ্রুত, নিরাপদ এবং আধুনিক লেনদেন প্রক্রিয়াকে সম্ভব করে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে।

ডিজিটাল মুদ্রার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা এগুলিকে প্রথাগত ফিয়াট (Fiat) মুদ্রা থেকে আলাদা করে। ডিজিটাল মুদ্রাগুলো তাদের নিয়ন্ত্রণের কাঠামোর ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (Centralized) বা বিকেন্দ্রীভূত (Decentralized) হতে পারে। উদাহরণস্বরূপ, কাগজের টাকা বা নোটের মতো প্রথাগত ফিয়াট মুদ্রাগুলি ব্যাংক এবং সরকার দ্বারা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন এবং ইথেরিয়াম একটি বিকেন্দ্রীভূত ব্যবস্থায় কাজ করে, যেখানে কোনো একক সংস্থা বা কর্তৃপক্ষ এটির নিয়ন্ত্রণ করে না। ডিজিটাল মুদ্রার এই মৌলিক প্রকৃতি এটিকে লেনদেনের একটি আধুনিক মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

এখন চলুন আলোচনা করা যাক, ডিজিটাল মুদ্রার তিনটি প্রধান প্রকারভেদ নিয়ে। প্রধানত তিন ধরনের ডিজিটাল মুদ্রা থাকলেও, এর মধ্যে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে পরিচিত। ক্রিপ্টোকারেন্সি হলো সেই ডিজিটাল মুদ্রা যা একটি নেটওয়ার্কের মধ্যে লেনদেন সুরক্ষিত ও যাচাই করার জন্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। ক্রিপ্টোগ্রাফি এই মুদ্রাগুলির সৃষ্টি ও নিয়ন্ত্রণকেও পরিচালনা করে, এবং বিটকয়েন (Bitcoin) ও ইথেরিয়াম (Ethereum) এর সবচেয়ে পরিচিত উদাহরণ। এর মূল বৈশিষ্ট্য হলো বিকেন্দ্রীকরণ এবং স্বায়ত্তশাসন, যার মানে হলো এটির ওপর কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকারের নিয়ন্ত্রণ নেই; বিনিয়োগকারীরা সরাসরি একটি পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কে তাদের সম্পদ ধারণ করে। তবে এই ধরনের মুদ্রার নিয়ন্ত্রক কাঠামো বিভিন্ন দেশের আইনগত বিচারব্যবস্থায় ভিন্ন হতে পারে এবং এটি সব দেশে সমানভাবে নিয়ন্ত্রিত নাও হতে পারে।

বর্তমান আধুনিক ব্যবসার ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিকে অত্যন্ত প্রয়োজনীয় অর্থনৈতিক ব্যবস্থা বলে মনে করা হয়, কারণ এটি কোনো ব্যাংক বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের উপর নির্ভর না করে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে (peer-to-peer) তহবিল স্থানান্তরের জন্য একটি বিকেন্দ্রীভূত, সুরক্ষিত এবং সম্ভাব্য দ্রুত উপায় সরবরাহ করে। এটি কম ফি এবং আর্থিক পরিষেবাগুলিতে বৃহত্তর অ্যাক্সেসযোগ্যতা সহ সীমানাহীন লেনদেনের অনুমতি দেয়, বিশেষ করে যারা ব্যাংকিং পরিষেবা পাননি (unbanked) বা সীমিত পরিষেবা পান (underbanked), তাদের জন্য। এটি উচ্চ প্রতিদানের সম্ভাবনা সহ একটি বিকল্প বিনিয়োগ সম্পদ হিসাবেও ব্যবহৃত হতে পারে, যদিও এতে উল্লেখযোগ্য অস্থিরতা রয়েছে।

যাইহোক, ব্যাংকিং ও অর্থ খাতকে রূপান্তরের জন্য আমি একটি তিন ধাপের রোডম্যাপ প্রস্তাব করছি। প্রথম ধাপের রোডম্যাপের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ব্যাংকিং ও অর্থ খাতের ভিত্তি আধুনিকীকরণ এবং ডিজিটাল অবকাঠামো ও প্রক্রিয়ার স্বয়ংক্রিয়তা (Process Automation) নিশ্চিত করা। এর ধাপের পর্যায়ক্রমিক কাজগুলোর মধ্যে প্রথমেই রয়েছে  কোর ব্যাংকিং সিস্টেমের আধুনিকীকরণ; এক্ষেত্রে বিদ্যমান পুরোনো (legacy) সিস্টেমগুলিকে ক্লাউড-ভিত্তিক অবকাঠামোতে স্থানান্তরিত করা হবে এবং দৈনন্দিন কাজগুলিকে স্বয়ংক্রিয় করতে এআই-চালিত কোর ব্যাংকিং সলিউশন চালু করা হবে। একই সাথে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। এটি অর্জনের জন্য দেশজুড়ে ডিজিটাল ওয়ালেট, কিউআর কোড এবং মোবাইল পেমেন্ট সিস্টেম-এর সমন্বয়ের মাধ্যমে ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করা হবে, এবং ভবিষ্যতে ব্লকচেইন-ভিত্তিক পেমেন্ট নেটওয়ার্ক চালু করা হবে। অবকাঠামোগত নিরাপত্তার জন্য সাইবার নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধকে অগ্রাধিকার দিতে হবে। গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এআই-ভিত্তিক জালিয়াতি সনাক্তকরণ ব্যবস্থা চালু করা হবে এবং অ্যাকাউন্টের সুরক্ষার জন্য মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) এবং বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হবে। এই পদক্ষেপগুলি প্রথম ধাপে ব্যাংকিং খাতের একটি মজবুত ও সুরক্ষিত ডিজিটাল ভিত্তি স্থাপন করবে।

দ্বিতীয় ধাপে মনোযোগ দেওয়া হবে উন্নত গ্রাহক অভিজ্ঞতা (Advanced Customer Experience) এবং তথ্য বিশ্লেষণ (Data Analytics)-এর উপর। এই সময়কালে, এআই-চালিত ব্যক্তিগতকৃত ব্যাংকিং সুবিধা চালু করা হবে, যেখানে গ্রাহকদের জন্য ব্যক্তিগতকৃত আর্থিক পণ্য তৈরি করতে এআই এবং ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করা হবে এবং স্বয়ংক্রিয় ব্যাংকিং প্রতিক্রিয়ার জন্য রোবো-অ্যাডভাইজার চালু করা হবে। ঋণের ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততা আনতে স্মার্ট ঋণদান এবং ক্রেডিট স্কোরিং মডেল নিয়ে আসা হবে; এক্ষেত্রে এআই-চালিত ক্রেডিট স্কোরিং মডেল চালু করা হবে এবং স্বচ্ছ স্বয়ংক্রিয় ঋণ বিতরণের জন্য ব্লকচেইন-ভিত্তিক সমাধান চালু করা হবে। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করা হবে, যা নিয়ন্ত্রণমূলক সম্মতি (compliance) এবং প্রতিবেদন তৈরিতেও সাহায্য করবে। এছাড়াও, বাজারের প্রবণতা পূর্বাভাস দেওয়ার জন্য প্রেডিক্টিভ অ্যানালিটিক্স টুলস ব্যবহার করা হবে। এই ধাপের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion) প্রসারিত করা, যার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহজ, নিরাপদ এবং গ্রাহকসেবা-কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা হবে।

তৃতীয় ধাপ হলো, একটি সম্পূর্ণ এআই এবং ব্লকচেইন-ভিত্তিক ফিনটেক প্ল্যাটফর্ম-এ রূপান্তরের কাজ শুরু করা। এই স্তরে একটি ব্লকচেইন-ভিত্তিক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে। কেওয়াইসি (KYC) সম্মতি এবং জালিয়াতি কমাতে ব্লকচেইন-চালিত পরিচয় যাচাইকরণ চালু করা হবে এবং টোকেনাইজড সম্পদ (tokenized assets) ও সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল মুদ্রা (CBDC) প্রবর্তন করা হবে। মধ্যস্থতাকারী ছাড়াই পিয়ার-টু-পিয়ার ঋণদান, বিমা এবং সঞ্চয়ের জন্য ডিসেট্রালাইজড ফিনান্স (DeFi) ইন্টিগ্রেশন প্ল্যাটফর্মগুলি চালু করা হবে, এবং আর্থিক চুক্তিগুলির স্বয়ংক্রিয় সম্পাদনের জন্য স্মার্ট কন্ট্রাক্ট ভিত্তিক DeFi সিস্টেমগুলোর অন্তর্ভুক্তিকরণ সহজতর করা হবে। চূড়ান্তভাবে, সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তা বৃদ্ধি করার জন্য জিরো-ট্রাস্ট আর্কিটেকচার, থ্রেট ইন্টেলিজেন্স এবং এআই-চালিত সনাক্তকরণ ব্যবস্থার মতো উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থাগুলি প্রয়োগ করা হবে। এই পদক্ষেপের সাথে গ্রাহকের ডেটা সুরক্ষিত রাখতে গ্লোবাল ডেটা সুরক্ষা নীতিগুলোর (যেমন GDPR) সাথে সম্মতি নিশ্চিত করা হবে। এই তিন-ধাপের রোডম্যাপ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ব্যাংকিং খাত বিশ্বমানের একটি আধুনিক ও নিরাপদ ফিনটেক প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির প্রথম এবং প্রধান দিক ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিকভাবে এক বিচ্ছিন্ন অবস্থান তৈরি হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া তাঁর শাসনামলে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি শক্তিশালী সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তিনি ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার শাসনামলে বিদেশি শক্তির প্রভাবে দেশ পরিচালনা না করে, বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছিলেন। তার এই নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ‘ব্লক-নিরপেক্ষতা’ তত্ত্বের অনুসরণ ছিল, যা ছিল পূর্ববর্তী শাসকদের তুলনায় ভিন্ন। তিনি পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত দেশের সাথে। পাশাপাশি, সোভিয়েত ইউনিয়ন এবং চীনসহ পূর্ব ব্লকের দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে বেরিয়ে আমেরিকা ও চীনের সাথে সর্ম্পক তৈরি করে।তার প্রবর্তিত উদার পররাষ্ট্রনীতি বা ‘ব্লক-নিরপেক্ষ’ পররাষ্ট্রনীতির একটি সম্ভাব্য উদ্যোগ হিসেবে মার্কিন আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের বিকল্প হিসেবে BRICS পেমেন্ট সিস্টেম এর দিকে নজর দেয়া যেতে পারে।  BRICS Pay Card হলো একটি ব্লকচেইন-ভিত্তিক পেমেন্ট প্ল্যাটফর্ম, যা আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমানো এবং অন্যান্য মুদ্রার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সুইফট (SWIFT) সিস্টেমের বিকল্প হিসেবে চালু করা হয়েছে। এই ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রার বৈচিত্র্য এনেছে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) সুবিধাজনক করে তুলেছে। BRICS সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, মিশর এবং ইরান। এছাড়াও BRICS এর সাথে অন্যন্য বেশকিছু দেশ সদস্য রাষ্ট্র হিসেবে শীঘ্রই যোগদান করছে।  BRICS Pay এর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিটি দেশের সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল মুদ্রা (CBDC) ব্যবহারের সুযোগ তৈরি হবে।

এটি সরকার, সাধারণ মানুষ এবং ব্যবসা—সবার জন্য সুবিধাজনক ও কার্যকর হবে, কারণ এটি দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের লেনদেন নিশ্চিত করে BRICS দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করবে। এই উদ্যোগটি আরও শক্তিশালী হচ্ছে স্বর্ণ-সমর্থিত BRICS ট্রেডিং মুদ্রা-র ধারণার মাধ্যমে। ব্লকচেইন-ভিত্তিক এই ব্যবস্থা ডিসেট্রালাইজড লেজার প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করে। BRICS Pay Card-এর মূল ভিত্তি হলো mBridge প্ল্যাটফর্ম, যা ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS) ইনোভেশন হাব এবং অংশগ্রহণকারী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক দ্বারা তৈরি করা হয়েছে।

BRICS Pay ব্যবস্থার উত্থান আন্তর্জাতিক বাণিজ্যে একটি বড় পরিবর্তনকে নির্দেশ করে, যেখানে non-traditional মুদ্রার ব্যবহার বৈশ্বিক রিজার্ভ হিসেবে বাড়ছে। তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এই প্রবণতা ক্রমাগত বাড়ছে। উদাহরণস্বরূপ, গত বছরের শেষ নাগাদ জেপি মরগান উল্লেখ করেছে যে বিশ্বব্যাপী তেলের বিক্রয়ের ২০% লেনদেন মার্কিন ডলারের বাইরে অন্য মুদ্রায় সম্পন্ন হয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবও এখন ইউয়ানে বাণিজ্য করার বিষয়ে আগ্রহী এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চায়। BRICS Pay কার্ড এই পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতার একটি ফল। BRICS দেশগুলোর নিজস্ব শক্তিশালী পেমেন্ট নেটওয়ার্ক যেমন রাশিয়া’র MIR এবং ভারতের UPI-কে কাজে লাগিয়ে BRICS Pay কার্ড আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য, নিরাপদ এবং স্বাধীন বিকল্প তৈরি করছে। এটি বিশ্ব অর্থনীতিতে মুদ্রার ভারসাম্য বজায় রেখে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

BRICS Pay ব্যবস্থার মূল ভিত্তি হলো mBridge (Multiple CBDC Bridge), যা আন্তঃসীমান্ত পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রার লেনদেনের জন্য একটি বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি চীন, হংকং, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো কর্তৃক তৈরী হয়েছে এবং বিআইএস (BIS) দ্বারা সমর্থিত। mBridge-এর লক্ষ্য হলো আন্তর্জাতিক লেনদেনের জটিলতা দূর করা, ডিজিটাল কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রার মাধ্যমে আন্তঃসীমান্ত নিষ্পত্তিকে উন্নত করা, এবং আন্তর্জাতিক লেনদেনে মুদ্রার বৈচিত্র্যকে সমর্থন করা। এই সিস্টেমে আন্তঃসীমান্ত পেমেন্টের জন্য কোনো একক কেন্দ্রীয় মুদ্রা ব্যবহৃত হয় না; বরং প্রতিটি দেশ লেনদেনের জন্য তাদের নিজ নিজ CBDC ব্যবহার করে। এই সমস্ত CBDC হলো স্বর্ণ-সমর্থিত, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অফ ইংল্যান্ডের পরিবর্তে নিজ নিজ দেশের সীমানার মধ্যে সংরক্ষিত থাকে। mBridge শুধু CBDC নেটওয়ার্কের সাথেই নয়, বরং আরটিজিএস (RTGS) বা এফপিএস (FPS)-এর মতো ঐতিহ্যবাহী পেমেন্ট সিস্টেমের সাথেও একীভূত হতে পারে। এই সেটআপ করে করেসপন্ডেন্ট ব্যাংক ছাড়াই সরাসরি পিয়ার-টু-পিয়ার লেনদেন সম্ভব হয়।

mBridge-এর প্রযুক্তিগত কাঠামোটি কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যেকার নিয়ন্ত্রণমূলক এবং প্রযুক্তিগত বৈচিত্র্য বিবেচনা করে ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি (DLT) মেনে চলে, যা স্ব-ব্যবস্থাপনাকে সহজ করে। প্রতিটি কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব নোড (node) রয়েছে, যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ নোড স্থাপন করে এবং অংশগ্রহণকারী কেন্দ্রীয় ব্যাংকগুলো ইতিমধ্যে তাদের ভ্যালিডেটর নোড স্থাপন করেছে। এই প্ল্যাটফর্মটি অংশগ্রহণকারী কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য ওপেন-সোর্স, যাতে তারা কোড পর্যালোচনা, পরীক্ষা এবং অডিট করতে পারে। এটির ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন (EVM) সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ইথেরিয়ামের স্মার্ট কন্ট্রাক্টগুলো mBridge-এর সাথে ইন্টারঅপারেবল হতে পারে।

যাইহোক, mBridge-এর সফল পরিচালনার জন্য এর আইনি ও কার্যকারিতা কাঠামো অত্যন্ত সুসংগঠিত। কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য একটি বহুপাক্ষিক প্রকল্প চুক্তি রয়েছে, যেখানে নতুন কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি অ্যাকসেসন ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করে যোগ দিতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যেকার লেনদেনগুলির জন্য প্ল্যাটফর্মের শর্তাবলী এবং বিস্তারিত প্রযুক্তিগত শর্তাদি রয়েছে। এই সিস্টেমে মূল্য স্থানান্তরের জন্য আইনি কাঠামো তৈরি করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের অধিকার, দায়িত্ব এবং দায়বদ্ধতা স্পষ্ট করে তোলে এবং বিভিন্ন বিচারব্যবস্থায় স্থানীয় বৃহৎ-মূল্যের পেমেন্ট সিস্টেমের মতোই স্থানান্তরিত মূল্যের বৈধতা ও চূড়ান্ততা নিশ্চিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই সিস্টেমটি ডেটা গোপনীয়তা, অ্যান্টি মানি লন্ডারিং (AML), বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ এবং আইনি সামঞ্জস্যতা বজায় রাখে এবং “কারও ক্ষতি করো না” (Do no harm) নীতি অনুসরণ করে, যাতে এক কেন্দ্রীয় ব্যাংকের CBDC অন্য দেশের মুদ্রানীতি বা আর্থিক স্থিতিশীলতা ব্যাহত না করে। কেন্দ্রীয় ব্যাংকগুলি mBridge-এর লেনদেনগুলির সারসংক্ষেপ পরিসংখ্যান নিরীক্ষণ করতে পারে, লেনদেনের সীমা নির্ধারণ করতে পারে, CBDC জারি এবং খালাস অনুমোদন করতে পারে এবং এর বাণিজ্যিক ব্যাংকগুলির ব্যালেন্স ও লেনদেনের বিবরণ নিরীক্ষণ করতে পারে। এর কারণে আমরা মনে করি, ডিজিটাল মুদ্রার প্রয়োগের মাধ্যমে আমরা বৈদেশিক বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে পারবো।

বাংলাদেশ এর সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি। এই ৩১ দফার ভেতরে যে দফাটি আমাদের লেখার সাথে সম্পর্কিত তা হলো ৩০তম দফা। যে দফায় বলা আছে  “তথ্য যোগাযোগ প্রযুক্তিখাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে”  যাতে এটা গণমানুষের জীবনে কল্যান বয়ে নিয়ে আসে। এই দফার মূল বক্তব্য হলো, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে । এবং জীবনের সকল ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হবে। এর লক্ষ্য হলো, বাংলাদেশের আইটি খাতকে কেবল স্থানীয় চাহিদা মেটানোর মধ্যেই সীমাবদ্ধ না রেখে, এটিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে তা বিশ্বমানের প্রযুক্তি, উদ্ভাবন, পরিষেবা ও অবকাঠামোর সাথে প্রতিযোগিতা করতে পারে। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করে দেশকে একটি উন্নত ও ডিজিটাল সমাজে পরিণত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বিএনপি-এর এই লক্ষ্য (আইটি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করা এবং এর সর্বক্ষেত্রে প্রয়োগ) পূরণে ব্লকচেইন-ভিত্তিক ডিজিটাল মুদ্রা প্রবর্তন একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশে ব্লকচেইন-ভিত্তিক ডিজিটাল মুদ্রা চালু হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেই প্রযুক্তিগত মানদণ্ড গ্রহণ করতে হবে, যার ফলে দেশের সামগ্রিক আইটি অবকাঠামো (IT Infrastructure) এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক স্তরে আধুনিক হবে। দ্বিতীয়ত, ব্লকচেইন-ভিত্তিক লেনদেন ব্যবস্থা দেশের আর্থিক খাতে একটি নতুন মাত্রা যোগ করবে—যেমন, এটি আন্তঃসীমান্ত লেনদেনকে (cross-border transaction) দ্রুত, সাশ্রয়ী এবং স্বচ্ছ করে তোলার মাধ্যমে ই-কমার্স ও আন্তর্জাতিক বাণিজ্যকে ব্যাপকভাবে উৎসাহিত করবে। এই ধরনের প্রযুক্তি প্রবর্তন আইটি খাতে হাই-স্কিলড জনবল এবং ফিনটেক উদ্ভাবনকে উৎসাহিত করবে, যা দেশের প্রযুক্তি খাতকে বিশ্ব অর্থনীতির সাথে সরাসরি যুক্ত করে এর প্রয়োগকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে সাহায্য করবে। এটি কেবল একটি আর্থিক সরঞ্জাম হবে না, বরং এটি প্রমাণ করবে যে, বাংলাদেশের আইটি খাত বিশ্বমানের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার এবং সেগুলিকে সফলভাবে প্রয়োগ করার সক্ষমতা রাখে। যাইহোক উল্লেখিত ব্যবস্থাপনাটির যথাযথ প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশে আমরা প্রমান করতে পারবো যে, বিএনপির ৩১ দফা কেবল একটি দলীয় ইশতেহার নয়; বরং এটি বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্র, অর্থনীতি ও সমাজ কাঠামো আধুনিকীকরণের একটি সার্বজনীন  নকশা। ধন্যবাদ সবাইকে।

প্রফেসর ড. শাহ জে মিয়া– প্রফেসর অফ বিজনেস এনালিটিক্স এন্ড অ্যাপ্লাইড এআই, উপপরিচালক, সেন্টার ফর অ্যাপ্লাইড এন্ড রেস্পন্সিবল এআই, নিউক্যাসল ইউনিভার্সিটি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া।