‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজে কাজ করার সময় শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের মধ্যে এক বড় মিল এবং এক অমিল খুঁজে পেয়েছেন বলিউড প্রযোজক, পরিচালক ও সঞ্চালক করণ জোহর। আরিয়ান খানের পরিচালিত এই সিরিজটি বর্তমানে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে। প্রথম কাজেই প্রশংসা কুড়াচ্ছেন শাহরুখপুত্র, আর করণ জোহরও নিজের চরিত্রেই অভিনয় করেছেন, অর্থাৎ তাকে দেখা গেছে বলিউডের প্রযোজক ও পরিচালক হিসেবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর বললেন, শাহরুখ ও আরিয়ান দুজনেই এক ধরনের উন্মাদনা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। তারা যতক্ষণ না একটি দৃশ্য তাদের মনের মতো হচ্ছে, ততক্ষণ থামেন না।
যেখানে বাবা-পুত্রের অমিলের প্রশ্ন উঠেছে, করণ বলেন, “একটাই অমিল— শাহরুখ ক্যামেরার সামনে কাজ করেন, আর আরিয়ান ক্যামেরার পেছনে।”
শাহরুখের সঙ্গে করণের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। পরিচালক বলেন, “শাহরুখ আমার বন্ধু, শিক্ষক, ভাই—সবকিছু। তিনি কখনোই আমার সঙ্গে টাকাপয়সা নিয়ে আলোচনা করেননি। চিত্রনাট্য তৈরি হলে আমি সরাসরি তাঁকে পাঠাই, শুটিং তারিখ জানাই, এবং তিনি যা পারিশ্রমিক চাইবেন সেটাই চূড়ান্ত। তারপর আর কোনো আর্থিক আলোচনা হয় না।”
‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ করণের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া, সাহের বম্বা প্রমুখ।



