tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকুসুম শিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন প্রসেনজিৎ, জানালেন অভিনেত্রী

কুসুম শিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন প্রসেনজিৎ, জানালেন অভিনেত্রী

শুটিং সেটে বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদারকে মজার একটি নামে ডাকতেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু প্রসেনজিৎ নন, ‘শঙ্খচিল’ সিনেমার পরিচালক গৌতম ঘোষও তাঁকে ডাকতেন ‘পুটলি’ নামে। কিন্তু কেন এমন নাম দেওয়া হয়েছিল অভিনেত্রীকে? সম্প্রতি সেই মজার অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন কুসুম।

প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’-এ একসঙ্গে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি অর্জন করে। অন্যদিকে, এই সিনেমায় অভিনয়ের সুবাদে বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কুসুম।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের নানা জানা-অজানা গল্প তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে ‘শঙ্খচিল’-এর শুটিংয়ের স্মৃতিচারণা করতে গিয়ে ‘পুটলি’ নামের পেছনের মজার কারণও জানান তিনি।

কুসুম জানান, শুটিংয়ের জন্য প্রতিদিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র একটি ব্যাগে ভরে নিয়ে আসতেন তিনি। তাঁর ব্যাগে প্রায় সব ধরনের দরকারি জিনিসই পাওয়া যেত। আর এ কারণেই মজা করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক গৌতম ঘোষ তাঁকে ‘পুটলি’ নামে ডাকতেন।

শুটিং সেটের এই মজার স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের আগামী দিনের পরিকল্পনার কথাও জানিয়েছেন কুসুম। খুব শিগগিরই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চান তিনি। এবার অপরাধ-রহস্য ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী।

জানা গেছে, নতুন সিনেমাটির মূল গল্প কুসুমের নিজেরই। তবে গল্পটিকে পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দিতে উপযুক্ত চিত্রনাট্যকারের সন্ধান করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরতে পারেন এই অভিনেত্রী।