প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শঙ্খচিল’-এ অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম সিকদার। ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। অন্যদিকে, এই সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন কুসুম সিকদার।
‘শঙ্খচিল’-এর শুটিং চলাকালে কুসুম সিকদারকে মজার একটি নামে ডাকতেন প্রসেনজিৎ। নামটি ছিল ‘পুটলি’। কিন্তু কেন এমন নামে ডাকা হতো এই অভিনেত্রীকে?
কুসুম সিকদারের ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের সময় প্রতিদিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র একটি ব্যাগে ভরে সেটে নিয়ে আসতেন তিনি। তাঁর ব্যাগে যেন সব ধরনের প্রয়োজনীয় জিনিসই পাওয়া যেত। আর এ কারণেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ছবিটির পরিচালক গৌতম ঘোষ মজা করে তাঁকে ‘পুটলি’ নামে ডাকতেন।
সম্প্রতি নিজের জীবনের এমন অনেক জানা-অজানা গল্প তুলে ধরেছেন কুসুম সিকদার। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শীর্ষক একটি পডকাস্টে অংশ নিয়ে শুটিংয়ের সেই মজার অভিজ্ঞতার কথা জানান তিনি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচারিত হওয়ার কথা শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টায়। অনুষ্ঠানটি দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে এবং শোনা যাবে রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।
পডকাস্টে নিজের নতুন চলচ্চিত্রের পরিকল্পনার কথাও জানিয়েছেন কুসুম সিকদার। খুব শিগগিরই পরিচালনায় তাঁর দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চান তিনি। এবার ক্রাইম-থ্রিলার ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।
কুসুম জানিয়েছেন, নতুন সিনেমাটির মূল গল্প তাঁর নিজের। তবে গল্পটিকে পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দিতে উপযুক্ত চিত্রনাট্যকার খুঁজছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের সৃজনশীলতা তুলে ধরতে চান কুসুম সিকদার। নতুন সিনেমার পরিকল্পনা বাস্তবায়িত হলে পরিচালনায় তাঁর পরবর্তী অধ্যায় শুরু হবে।



