tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিজামায়াতের কড়া সমালোচনা করলেন রিজভী

জামায়াতের কড়া সমালোচনা করলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাদের রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয়নি। নাম শুনলেই মনে হয় পৃথিবীর নানা দেশে তাদের শাখা রয়েছে, বাংলাদেশ তার মধ্যে একটি।

রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি জামায়াত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে ৫০ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকির প্রসঙ্গে রিজভী বলেন, “তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। ক্ষমতার লোভে তারা ভারসাম্যহীন হয়ে পড়েছে। এসব প্রতারণাপূর্ণ বক্তব্য।”

তিনি বলেন, “আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র হলেও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে।”

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, “কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করলে তাদের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও বিভাজন ঘটায় না, বরং মানুষে মানুষে সৌহার্দ্য ছড়ায়।”

তিনি আরও বলেন, “ধর্ম আলাদা হলেও জাতিসত্তা আমাদের এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন—এরা সবার। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন, কিন্তু বাস্তবে মানুষের মধ্যে কোনো বিভাজন নেই। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ হচ্ছে।”

রিজভীর দাবি, এখনো নানা ষড়যন্ত্র চলছে, বিশেষ করে পূজার সময় অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি পক্ষ দীর্ঘদিন ধরে মদদ দিয়ে আসছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের এক ইঞ্চি জমির প্রতিও যদি কেউ কুনজর দেয়, তবে তার চোখ উপড়ে ফেলা হবে। এদেশে হিন্দু-মুসলমানের কোনো বিভেদ নেই—আমাদের খাবার, পোশাক, চিন্তা সব এক।”

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।