খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য ও আরও কয়েকজন আহতের ঘটনাতেও দুঃখ প্রকাশ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানিয়েছেন, খাগড়াছড়ি হাসপাতালের মর্গে নিহত তিনজনের লাশ রাখা হয়েছে, যাদেরকে গুইমারা থেকে আনা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। বর্তমানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালন করছে। ১৪৪ ধারা জারির পর থেকে জেলা সদর ও পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর মধ্যেই রোববার দুপুরে গুইমারায় সংঘর্ষের সময় রামসু বাজারে আগুন দেওয়া হয়। এতে বাজারের বেশ কিছু দোকান ও পাশের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর বাজারের আগুনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে জুম্ম ছাত্র জনতা ১৪৪ ধারার মধ্যেই সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।



