প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত ১৫০ টাকার বাজেট বাতিল এবং পুষ্টিকর খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার অনুমতি দিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান মামুন আগামী ১০ দিনের মধ্যে তিনটি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। সেগুলো হলো—
১. প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত ১৫০ টাকার বাধ্যবাধকতা প্রত্যাহার।
২. সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সরকারি বাজেট ও বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি।
৩. কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার অনুমতি দিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি।
নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা, মানসিক কর্মক্ষমতা ও সঠিক নীতিনির্ধারণী সক্ষমতা বজায় রাখতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। অথচ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাশতা মিলিয়ে ১৫০ টাকার খাবার গ্রহণ করেন। একই পরিমাণ অর্থের বাজেট কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্যও নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সংবিধানের ১৮(১), ২১(১) ও ২১(২) অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়, সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হলো সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা।
নোটিশে প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাংবিধানিক এবং কার্যগত অবস্থানের পার্থক্য তুলে ধরা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। তিনি ব্যক্তিগত জীবনযাপন, মিতব্যয়িতার দৃষ্টান্ত কিংবা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ১৫০ টাকার মধ্যে খাবার গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে তার ব্যক্তিগত পছন্দ ও রাজনৈতিক সিদ্ধান্তের স্বাধীনতা রয়েছে।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকেরা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। তাদের জন্য একই পরিমাণ অর্থে খাবার গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা যুক্তিসংগত নয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাশতা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিসমৃদ্ধ খাবার গ্রহণ করা কঠিন। পর্যাপ্ত পুষ্টির অভাবে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর প্রভাব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ওপরও পড়তে পারে।
নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানকার কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন, প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হয়। তাই তাদের শারীরিক সুস্থতা, মানসিক সক্ষমতা ও কর্মদক্ষতা নিশ্চিত করতে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা প্রয়োজন।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত ১০ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১৮(১) ও ২১(২) অনুচ্ছেদের বিধান সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে।



