tanaka
প্রচ্ছদসারাদেশঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ

ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে কেন্দ্র দুটি স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৯ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সরবরাহ নিশ্চিত করা জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এতে রাজধানীকেন্দ্রিক বিশেষায়িত চিকিৎসার চাপ কমানোর পাশাপাশি জেলা পর্যায়ের রোগীরাও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

তিনি বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীন প্রমুখ।