রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ দুটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এ আশঙ্কার পক্ষে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।
অন্যদিকে, শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের খবর পেয়েছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় পরিষদে যাওয়া হয়নি। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানতে পেরেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



