কিশোর মোতালেব হত্যা মামলায় দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের কাছ থেকে প্রত্যাশিত তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। মামলার পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অধিকাংশ সময় নীরব থাকছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে তাকে তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিন দুই দফার রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আবেদনে পাঁচ দিনের রিমান্ড চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও সাঈদ খোকন মামলার মূল ঘটনা সম্পর্কে তথ্য এড়িয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে তিনি নীরব থাকছেন।
পুলিশের আবেদনে আরও অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন সাঈদ খোকন। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তার নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে দাবি করেছে পুলিশ।
এ ছাড়া পুলিশের অভিযোগ, সরকার পতনের পর আত্মগোপনে থেকেও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনাও করা হচ্ছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার জন্য তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব কারণে তার আরও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথম দফায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।



