tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতি৬ দিনে ৫ বার বেড়ে যে দামে বিক্রি হচ্ছে সোনা

৬ দিনে ৫ বার বেড়ে যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে ছয় দিনের ব্যবধানে পাঁচবার বেড়েছে সোনার দাম। সর্বশেষ গত ২৮ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এর মধ্য দিয়ে আবারও দুই লাখ টাকা ছাড়িয়েছে সোনার গহনার দাম।

বাজুসের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা। বর্তমানে বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। ওই দিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ছয় দিনে পাঁচ দফায় সোনার দাম বেড়েছে। এর মধ্যে ২৩ নভেম্বর প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৩ হাজার ১৪৯ টাকা। পরদিন ২৪ নভেম্বর বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এরপর ২৫ নভেম্বর দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। ২৬ নভেম্বর আবার বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা। পরদিন ২৭ নভেম্বর আরও ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। সর্বশেষ ২৮ নভেম্বর বাড়ানো হয় ২ হাজার ৬২৪ টাকা।

অর্থাৎ, ছয় দিনের মধ্যে পাঁচবার দাম বাড়ানো হয়েছে, একবার কমানো হয়েছে। এ সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ টাকার কাছাকাছি থেকে আবার দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে।