tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিদাম বাড়লেও সরবরাহ বাড়েনি সয়াবিন তেলের

দাম বাড়লেও সরবরাহ বাড়েনি সয়াবিন তেলের

লিটারপ্রতি তিন টাকা দাম বাড়লেও রাজধানীর বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বেশিরভাগ দোকানে তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে আগের দামেই।

খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো নতুন করে তেলের অর্ডার নেওয়া শুরু করেছে। আগামী দু-একদিনের মধ্যে সরবরাহ বাড়তে পারে।

এদিকে, বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় কমছে শীতের সবজির দাম। এখন ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে মূলা, শালগম; ৬০-৭০ ঢাকায় শিম। আর ৪০-৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রতি পিস ফুলকপি  বাঁধাকপি ও মিষ্টি কুমড়া। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মিরপুর ১১, ১ ও ১২ নম্বর এলাকার অনেক দোকানে সয়াবিন তেল মিলছে না। পল্লবীর মুসলিম বাজারের আরিফ ট্রেডার্সের বিক্রেতা সুজন বলেন, গতকাল (বৃহস্পতিবার) তেলের দাম বেড়েছে। এখনো কোম্পানির লোক আসেননি। শনিবার আসতে পারেন। এরপর অর্ডার নিলে রোববার থেকে তেল পাওয়া যেতে পারে।