রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে টানা ৪৪ দিন ধরে চলা সড়ক অবরোধের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও সাধারণ বাসিন্দারা। অবিলম্বে অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক সড়ক যোগাযোগ নিশ্চিত করা এবং অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) সাজেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন স্থানীয়রা।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বিমল কান্তি চাকমা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উদয়পুর এলাকার কার্বারি ও সাবেক ইউপি সদস্য উদয়ন চাকমা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মদদে কয়েকটি সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে সাজেকে এ অবরোধ চাপিয়ে দিয়েছে। গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়। পরে ২৬ অক্টোবর প্রশাসনের সঙ্গে বৈঠকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি দাবি মেনে নেওয়া হলেও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) শান্তিচুক্তিপন্থি সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরানোর দাবি অমীমাংসিত থাকায় অবরোধ অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বক্তারা বলেন, সাজেকের ৫০টির বেশি গ্রামের হাজারো মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও ব্যবসা-বাণিজ্যের জন্য সড়কসংলগ্ন বাজারগুলোর ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের অবরোধে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে গত ৭ নভেম্বর ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামের এক প্রসূতির মৃত্যুর পেছনেও অবরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ১২ নভেম্বর সাজেক বনবাণী বৌদ্ধবিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে দেন। এ ছাড়া বাঘাইহাট, বাঘাইছড়া, ডানে বাঘাইছড়া, চামনীছড়া ও গঙ্গারাম এলাকার বাসিন্দাদের জোর করে অবরোধ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। হুমকি দিয়ে সভা-সমাবেশে নেওয়া, সড়কে অবস্থান এবং টায়ার জ্বালানোর মতো কর্মসূচিতেও তাদের বাধ্য করা হচ্ছে বলে দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা পদত্যাগ করেন। একই সঙ্গে সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করে তিনি অবরোধ প্রত্যাহারের পক্ষে অবস্থান নেন।
এদিকে, গত ১৫ নভেম্বর সাজেকে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে গত অক্টোবরেও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার জন্য শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফকে দায়ী করেছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অন্যদিকে, ইউপিডিএফের দাবি, সাজেকে জেএসএসের সশস্ত্র সদস্যরা অবস্থান করছেন। গত কয়েক মাসে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে।



