tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদপ্রযুক্তিহোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর অন্যতম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন ছবি, ভিডিও, ডকুমেন্টসহ বিভিন্ন ধরনের ফাইল আদান-প্রদানের কারণে স্মার্টফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। এতে ফোনে জায়গা কমে গেলে অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে মুছে ফেলার প্রয়োজন হয়।

ব্যবহারকারীদের এ কাজ সহজ করতে হোয়াটসঅ্যাপে রয়েছে ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা। এর মাধ্যমে কোন ফাইল কতটুকু জায়গা দখল করছে, কোন চ্যাটে সবচেয়ে বেশি মিডিয়া জমা হয়েছে এবং বড় ফাইলগুলো কী কী—তা সহজেই জানা যায়। চাইলে একসঙ্গে একাধিক অপ্রয়োজনীয় ফাইল মুছে ফোনের স্টোরেজ খালি করা সম্ভব। পাশাপাশি নির্দিষ্ট কোনো চ্যাট থেকেও বেছে বেছে মিডিয়া ফাইল মুছে ফেলা যায়।

হোয়াটসঅ্যাপ কতটুকু জায়গা নিচ্ছে জানবেন যেভাবে

প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন। এরপর ডান পাশের ওপরের তিন ডট মেনুতে চাপ দিয়ে ‘সেটিংস’ অপশনে যান। সেখান থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ নির্বাচন করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে প্রবেশ করুন। এখানে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইলগুলো ফোনের কতটুকু জায়গা দখল করে আছে, তা দেখতে পারবেন।

নির্দিষ্ট কোনো চ্যাটের স্টোরেজ ব্যবহারের পরিমাণও জানা যায়। এ জন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে ওপরে থাকা ব্যক্তি বা গ্রুপের নামের ওপর চাপ দিন। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করুন। সেখানে ওই চ্যাটের ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইলের আকার অনুযায়ী তালিকা দেখতে পাবেন।

অপ্রয়োজনীয় ফাইল মুছবেন যেভাবে

ফোনের স্টোরেজ খালি করতে আবার ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ এবং ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যান। এরপর যে চ্যাটের ফাইল মুছতে চান, সেটি নির্বাচন করুন।

এবার মুছে ফেলতে চাওয়া ফাইলগুলো আলাদাভাবে নির্বাচন করুন। একাধিক ফাইল একসঙ্গে মুছতে চাইলে ‘সিলেক্ট অল’ অপশন ব্যবহার করতে পারেন। ফাইল নির্বাচন শেষে ‘ডিলিট’ বাটনে চাপ দিলেই সেগুলো মুছে যাবে।

তবে ফাইল মুছে ফেলার আগে সতর্ক থাকা জরুরি। কারণ, এভাবে মুছে ফেলা ফাইল পরে আবার ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। এ ছাড়া নিজের হোয়াটসঅ্যাপ থেকে কোনো ফাইল মুছে ফেললে সেটি চ্যাটের অন্য সদস্যদের কাছে মুছে যায় না; তাঁরা আগের মতোই ফাইলটি দেখতে পারবেন।

সার্চ করেও খুঁজে মুছতে পারবেন ফাইল

হোয়াটসঅ্যাপের সার্চ সুবিধা ব্যবহার করেও নির্দিষ্ট ছবি, ভিডিও কিংবা ডকুমেন্ট খুঁজে বের করা যায়। এ জন্য চ্যাট তালিকার ওপরের সার্চ বারে চাপ দিয়ে কাঙ্ক্ষিত ফাইলের ধরন বা সংশ্লিষ্ট শব্দ লিখে অনুসন্ধান করুন। এরপর প্রয়োজনীয় ফাইলটি শনাক্ত করে সেটি মুছে ফেলতে পারবেন।

মনে রাখতে হবে, একই ফাইল ফোনে একাধিক জায়গায় বা একাধিক কপি হিসেবে সংরক্ষিত থাকলে একটি কপি মুছলেই সব জায়গা থেকে তা সরবে না। তাই ফোনের স্টোরেজ পুরোপুরি খালি করতে প্রয়োজন অনুযায়ী অন্য কপিগুলোও মুছে ফেলতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া