নাটোরে মা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো. শাহ আলম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মামলার আরেকটি ধারায় শাহ আলমকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই মামলায় মো. সোহাগ নামে অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক আসামি মো. মিন্টুকে খালাস দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহ আলম নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ এলাকার বাসিন্দা ও মামলার বাদী মো. শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ একই এলাকার মো. আশরাফের ছেলে।
জমি বিক্রির টাকার জন্য চাপ, একপর্যায়ে হত্যাকাণ্ড
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দস্তানাবাদ কুমারদহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই পরিবারের কাছে জমি বিক্রির জন্য চাপ দিতেন। একপর্যায়ে তাঁর বাবা আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও সেই চাপ অব্যাহত থাকে।
২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় শাহ আলম ধারালো অস্ত্র দিয়ে নিজের মা বিলকিস বেগম ও ১১ বছর বয়সি ছেলে মো. আলিফ হোসেনের গলা কেটে হত্যা করেন।
এ সময় তাঁর বাবা শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়ি ফিরে ফটকে ডাকাডাকি করছিলেন। তখন শাহ আলম ধারালো দা নিয়ে তাঁকে ধাওয়া করেন এবং কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যান তিনি।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে রায়
এ ঘটনায় শাহাদৎ সর্দার বাদী হয়ে ছেলে শাহ আলমের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে নাটোর সদর থানায় মামলা করেন। পরে পুলিশ শাহ আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।
নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহ আলম ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।



