tanaka

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
প্রচ্ছদসারাদেশশিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার আহ্বান ডেপুটি স্পিকারের

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার আহ্বান ডেপুটি স্পিকারের

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় তাঁদের পরিচয় কেবল শিক্ষক। রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নির্বাচনের দিন ব্যালটের সুযোগ রয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা উচিত নয়।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজনের মধ্যে আর্থিক সহায়তার চেক ও সেলাইমেশিন বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব দেখা গেছে। তবে বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাঁদের বিবেক ও নৈতিকতার ভিত্তিতে কাজ করতে হবে। রাষ্ট্রের অর্থে যারা বেতন-ভাতা পান, তাঁদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে কোনোভাবেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা যাবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। একজন মানুষের মধ্যে দেশপ্রেম, ইমান, মানবিকতা ও অন্যের প্রতি মমত্ববোধ থাকা জরুরি। মা-বাবা নিজেদের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন। সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠলেই তাঁদের সেই ত্যাগ সার্থক হবে।

তিনি আরও বলেন, কারও বড় অট্টালিকা কিংবা দামি গাড়ি থাকতে পারে। তাঁর সন্তান বিলাসী জীবনযাপন করছে, অথচ পাশের বাড়ির কেউ অনাহারে দিন কাটাচ্ছে কিংবা রাস্তার পাশে কোনো শিশু খাবারের অভাবে কষ্ট পাচ্ছে। সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের সহযোগিতায় এগিয়ে না আসা মানবিকতার পরিচয় নয়। এ ধরনের মানসিকতার পরিবর্তন জরুরি।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, শিশুদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

জুলাই-আগস্টের আন্দোলনে শিশুদের হতাহত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক শিশু ঘরে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা না থাকলে নাগরিক হিসেবে নানা সুযোগ-সুবিধা ভোগ করেও দেশের জন্য ইতিবাচক অবদান রাখা সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।