২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু, স্বাভাবিক ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পাঁচ সদস্যের কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ কমিটিতে একজন তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও চারজন সদস্য থাকবেন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে কমিটির সদস্যদের নামের তালিকা বোর্ডে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা পরিচালনায় বোর্ডের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পাঁচ সদস্যের কেন্দ্র কমিটি গঠন করতে হবে। পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও নকল প্রতিরোধ নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
জেলা সদরের পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা তাঁর মনোনীত প্রতিনিধি। অন্যদিকে উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলোর ক্ষেত্রে এ দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা তাঁর মনোনীত প্রতিনিধি।
কমিটির সদস্য মনোনয়নের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বোর্ড। বিভাগীয় সদরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক, জেলা সদরে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখতে হবে। পাশাপাশি বোর্ড স্বীকৃত কেন্দ্রের আওতাধীন স্থানীয় সরকারি বা বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ, একজন মেডিকেল কর্মকর্তা ও একজন পুলিশ কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।
নির্বাচিত পরীক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। অনিবার্য কারণে তিনি দায়িত্ব পালনে অপারগ হলে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা যেকোনো সরকারি গেজেটেড কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া যাবে। তবে যেসব কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত নেই, সেখানে ইউএনওর মনোনীত প্রতিনিধি এ দায়িত্ব পালন করতে পারবেন।
পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর সন্তান কিংবা পোষ্য পরীক্ষায় অংশ নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক বা পরীক্ষা-সংশ্লিষ্ট অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজশাহী শিক্ষা বোর্ডের উপকরণ শাখা থেকে পরীক্ষার উত্তরপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করবেন। কমিটি গঠনের পর কেন্দ্রভিত্তিক সদস্যদের নামের তালিকা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র সংরক্ষণের জন্য ট্রেজারি নেই, সেসব কেন্দ্রের প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসক বাণিজ্যিক ব্যাংক অথবা থানার নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করবেন। এ ক্ষেত্রে ব্যাংক ও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশ্নপত্রের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা কেন্দ্র ফি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালার ২-এর ‘ছ’ উপধারার (iv) অনুযায়ী ব্যয় করতে হবে। কেন্দ্রের আয়-ব্যয়ের হিসাব সরকার মনোনীত নিরীক্ষকের মাধ্যমে অডিট করাতে হবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।



