হাজার কোটি টাকার মালিক হওয়ার আকাঙ্ক্ষা, পছন্দের মানুষ মিমকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া এবং পবিত্র রমজান মাসে বিয়ে করার স্বপ্ন—এমন ব্যক্তিগত ইচ্ছার কথা জানিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এক ব্যক্তি। তাঁর আবেগঘন সেই চিঠির সন্ধান মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর মসজিদটির ১৫টি দানবাক্স খোলা হয়। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় এ কার্যক্রম।
দানবাক্স থেকে পাওয়া চিঠিতে লেখা ছিল, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’
চিঠির একেবারে শেষে লেখক নিজের ও পছন্দের মানুষের নাম লিখেছেন ‘আবু সাঈদ + মিম’। অর্থ-সম্পদের প্রাচুর্য অর্জনের পাশাপাশি ভালোবাসার মানুষকে বিয়ে করে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতিই ফুটে উঠেছে তাঁর লেখায়।
এবার পাগলা মসজিদের দানবাক্সগুলোতে পাওয়া গেছে মোট ৫১ বস্তা টাকা। পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব অর্থ ঢেলে শুরু করা হয় গণনার কাজ।
দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়স ও পেশার মানুষ নিজেদের মনের আশা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় পাগলা মসজিদে দান করেন। দানের অর্থের পাশাপাশি প্রায়ই সেখানে পাওয়া যায় ভক্তদের নানা আবেগ, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও প্রার্থনা লেখা চিঠি। এবারও আবু সাঈদের চিঠিতে উঠে এসেছে অর্থবিত্তের স্বপ্নের পাশাপাশি ভালোবাসার মানুষকে ঘিরে তাঁর একান্ত প্রত্যাশা।



