tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গন২৩ নভেম্বর প্রকাশ হচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানা যাবে দুই উপায়ে

২৩ নভেম্বর প্রকাশ হচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানা যাবে দুই উপায়ে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা দুটি পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ নির্ধারিত পদ্ধতিতে ফল দেখার ব্যবস্থা রাখা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৩ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা সম্ভব হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, আগের নিয়ম অনুসরণ করে এবারও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। তবে ফল দেখার চূড়ান্ত পদ্ধতি সম্পর্কে রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডে এ সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি এবং দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে।