বাংলাদেশ পুলিশের জনবল ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে পুলিশে মোট ১৪ হাজার নতুন পদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তবে এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নিয়োগের সময় নির্ধারণ করবে পুলিশ সদরদপ্তর।
এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাই গণমাধ্যমকে জানান, নতুন পদ সৃজনের বিষয়টি মাত্রই মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দ্রুত এ বিষয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা গত ১৫ নভেম্বর চার হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের জন্য পৃথক মঞ্জুরি আদেশ জারি করে। অনুমোদিত পদগুলো রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে সৃজন করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, নতুন সৃজিত চার হাজার এসআই-নিরস্ত্র পদ দশম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে এ পদে বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ রাখা হয়েছে ১৭তম গ্রেডে। এ পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হওয়া বাধ্যতামূলক। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা ২৫৯ নম্বর স্মারক অনুসারে এ পদে নিয়োগের যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারিত হবে।
অন্যদিকে, চার হাজার এসআই পদে নিয়োগ দেওয়া হবে ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ অনুসরণ করে। তবে এসআই ও কনস্টেবল—উভয় পদের ক্ষেত্রেই আবেদনের বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা এবং নিয়োগের অন্যান্য শর্ত পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সরকার নতুন পদ সৃজনের অনুমোদন দিলেও নিয়োগ কার্যক্রম শুরুর নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি। ফলে আগ্রহী প্রার্থীদের আপাতত আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।



