ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন কিংবা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চালানো হবে। আইন ও বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা।
ডিএমপি জানিয়েছে, ১ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হবে। এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সরিয়ে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযুক্ত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। এর বিকট শব্দে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এখনো তা দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের তীব্র শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জামের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
তিনি জানান, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে অবৈধ সরঞ্জাম জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
আনিছুর রহমান বলেন, শুধু বাস ও ট্রাক নয়, কিছু জিপগাড়িতেও হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক যানবাহনে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইলেন্সারও সংযোজন করা হয়েছে। এসব সরঞ্জাম রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করছে।
সড়ক পরিবহণ বিধিমালা অনুযায়ী, জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত চার শ্রেণির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এসব যানবাহন ছাড়া মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ অন্যান্য বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার নিষিদ্ধ।
অটোরিকশা ও একই ধরনের যানবাহনের অতিরিক্ত শব্দ সৃষ্টির বিষয়টিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম বর্তমানে সিটি করপোরেশন পরিচালনা করছে। নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর সেগুলোর বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে এসব যানবাহনও শৃঙ্খলার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। শিশু, বয়স্ক, হৃদরোগী ও অসুস্থ ব্যক্তিরা এ ধরনের শব্দে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে, অনুমোদনহীন বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
শব্দের মাত্রা নির্ধারণ করে দিয়েছে বিধিমালা
শব্দদূষণ নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক শব্দের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর তফশিল-১-এ। এতে নীরব এলাকায় দিনের বেলায় সর্বোচ্চ ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারণ করা হয়েছে। আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল শব্দের মাত্রা অনুমোদিত।
এ ছাড়া বাণিজ্যিক এলাকায় দিনে সর্বোচ্চ ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারণ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে বিবেচনা করা হয়।
শব্দদূষণসংক্রান্ত বিধান লঙ্ঘনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। ২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অনুমোদন ছাড়া মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে সংশ্লিষ্ট অপরাধীর সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, হাইড্রোলিক হর্ন ও মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত বা প্রদর্শনের দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
হর্ন ব্যবহারে সড়ক পরিবহণ বিধিমালায় নিষেধাজ্ঞা
সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে মোটরযানে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। বিধি অনুযায়ী, মোটরযানের অবস্থান সম্পর্কে অন্যদের সতর্ক করতে প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী শ্রবণযোগ্য হর্ন বা অনুমোদিত সতর্কসংকেত দেওয়ার যন্ত্র থাকতে হবে।
তবে হর্নের শব্দের মাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। পরপর বিভিন্ন সুর সৃষ্টি করে এমন বহুশ্রুতি হর্ন ব্যবহারও নিষিদ্ধ। একই সঙ্গে তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে—এমন হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন কিংবা ব্যবহার করা যাবে না।
বিধিমালার ৮১-এর উপবিধি (৪) অনুযায়ী, মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে বিশেষ হর্ন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
ডিএমপির এই অভিযান কার্যকরভাবে পরিচালিত হলে রাজধানীর সড়কে অপ্রয়োজনীয় উচ্চশব্দ ও অনুমোদনহীন জরুরি সংকেত ব্যবহারের প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



