দীর্ঘদিনের শরণার্থীজীবনের অবসান চান রোহিঙ্গারা। কক্সবাজারের আশ্রয়শিবিরে আর থাকতে চান না তারা। ফিরে যেতে চান নিজ দেশ মিয়ানমারে। তবে নিরাপদে ও মর্যাদার সঙ্গে দেশে ফিরতে হলে নাগরিকত্ব, নিরাপত্তা, অবাধে চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে এ আকুতি জানান রোহিঙ্গারা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছান খলিলুর রহমান। সেখানে তাকে স্বাগত জানান রোহিঙ্গারা। সফরকালে তিনি শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফেরার আকাঙ্ক্ষার কথা শোনেন।
ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান বলেন, ‘সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।’
তার বক্তব্যে আইসিজের রায়ের গুরুত্ব নতুন করে সামনে আসে রোহিঙ্গাদের কাছে। তাদের জন্য এ রায় কেবল গণহত্যার বিচার কিংবা আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় নয়; বরং দীর্ঘদিনের বাস্তুচ্যুতি কাটিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা পূরণের নতুন আশাও।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেন আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনকে তাই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ সফরের তথ্য জানানো হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এর আগে খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোহিঙ্গাদের প্রত্যাশা, আইসিজের রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম হবে। তাদের মতে, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন শুরু হলে তা কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না। তারা এমন পরিবেশে নিজ দেশে ফিরতে চান, যেখানে পরিচয় ও অধিকার নিয়ে সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন রক্ষা করেছেন। এ জন্য তারা কৃতজ্ঞ। তবে চিরদিন ক্যাম্পে বসবাস করতে চান না তারা। নিজেদের ঘরে, নিজ দেশে ফিরে যাওয়াই তাদের চূড়ান্ত লক্ষ্য। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং আরও বলেন, খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে তারা আশা করছেন।
রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান এই রোহিঙ্গা নেতা। তার মতে, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। নিজ দেশে ফিরে নাগরিক হিসেবে পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তাই রোহিঙ্গাদের প্রধান চাওয়া।
দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করছেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। নিজ দেশে ফেরার অপেক্ষায় বছরের পর বছর পার হলেও নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো অনিশ্চিত। আইসিজের রায়ের পর নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের মধ্যে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগে সেই আশা বাস্তবে রূপ নেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন রোহিঙ্গারা।



