কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, আবার কোথাও দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে। এতে জেলার সঙ্গে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্যদিকে বিএনপির সংসদ সদস্যদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে যেতে পারেননি অনেকে। আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। হাসপাতালগামী রোগী ও তাঁদের স্বজনদেরও পড়তে হয়েছে চরম দুর্ভোগে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট, মাদ্রাসাঘাট, পুলিশ লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরেজমিনে এসব পরিস্থিতি দেখা যায়।
সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে থাকেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও মাদ্রাসা মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে স্লোগান দেন তাঁরা। অনেকের মাথায় ছিল হেলমেট, হাতে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন পর্যন্ত অস্ত্র হাতে তাঁদের মহড়া দিতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ওই জমায়েতে যোগ দেন। এ সময় মাইকে বাজানো হয় ৭ মার্চের ভাষণ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতও বাড়তে থাকে। সবচেয়ে বেশি লোকজনের উপস্থিতি ছিল লঞ্চঘাট মোড় এলাকায়। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছ ফেলে অবরোধ করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। একটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে বিক্ষোভ করতে দেখা যায়। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও ছিল একই পরিস্থিতি। মধুমতী নদী পার হয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আগের রাতে মহাসড়কে চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সড়ক অবরোধের কারণে মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা চললেও তা ছিল বিচ্ছিন্ন কয়েকটি এলাকায়। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মাঝখানে যাত্রীদের নেমে যেতে হয়েছে। পরে অন্য যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন তাঁরা।
অনেককে বৃষ্টিতে ভিজে হেঁটে চলাচল করতে দেখা যায়। নীলা মাঠ এলাকা থেকে ঘোনাপাড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন নারী। তাঁদের দুজন জানান, তাঁরা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। যানবাহন না পেয়ে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে হচ্ছে তাঁদের।
দিনভর শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি চোখে পড়েনি। জরুরি প্রয়োজনে কিংবা অফিসের উদ্দেশ্যে বের হওয়া মানুষও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন। বৃষ্টি ও কর্মসূচির প্রভাবে শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা।
সংসদ সদস্যের বাড়ি, থানা ও বিএনপি কার্যালয়ে হামলা
এদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
একই দিন দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাঁচুড়িয়া এলাকায় বিএনপির কার্যালয়ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
সকাল থেকে ঘোনাপাড়া এলাকায় কয়েকশ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করেন। তাঁদের হাতে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার আগে থানায় প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। প্রাথমিকভাবে তাঁরা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেন। তবে হামলাকারীর সংখ্যা বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা থেকে সরে যান।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর ভাষ্য, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো সম্ভব হবে।
হাসপাতালে হামলায় আতঙ্ক, রোগীদের ছোটাছুটি
এর আগে বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হাসপাতালটি গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলার সময় হাসপাতালের ভেতরে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। আকস্মিক হামলায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। নবজাতক কোলে এক নারীকে দৌড়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের অনেকেই বাইরে আহাজারি করছিলেন।
হামলাকারীরা হাসপাতালের জানালা ভাঙচুর করে ভেতরের আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত থেকেই মহাসড়কে আটকা পণ্যবাহী যান
গত বুধবার রাত থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। রাত ১০টার পর সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে।
মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর যন্ত্রের সাহায্যে সড়কের পাশের গাছ কেটে মহাসড়কে ফেলে দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে অভিযোগ রয়েছে। কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করা হয়।
রাতভর ঢাকা-খুলনা মহাসড়ক ছাড়াও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধের খবর পাওয়া গেছে।
নিরাপত্তা জোরদার, আতঙ্কে জেলাবাসী
পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় তাদের দৃশ্যমান তৎপরতা সীমিত ছিল। কোথাও কোথাও দূরত্ব বজায় রেখে বিজিবির টহল দিতে দেখা গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জনগণের জানমালের ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দেবে।’
মহাসড়কে অবরোধ, অস্ত্র হাতে মহড়া, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বৃষ্টিভেজা শহরের সড়কে মানুষের উপস্থিতি কম, অধিকাংশ দোকানপাট বন্ধ এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন জেলার সাধারণ মানুষ।



