tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকশত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান

শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান

ইরানে নির্মিত শত শত বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পের পেছনে সামরিক কৌশল থাকতে পারে বলে সন্দেহ করছেন গবেষকরা। তাদের ধারণা, এসব অবকাঠামোর কিছু অংশ দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির সূত্র ধরে ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ইরানের পানি অবকাঠামোর অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়া সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোর ভৌগোলিক অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য মিল খুঁজে পেয়েছেন গবেষকরা। তবে এসব অবকাঠামোর সঙ্গে সামরিক স্থাপনাগুলোর সরাসরি যোগসূত্রের বিষয়টি এখনো অনুমাননির্ভর বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরির নেতৃত্বাধীন একটি গবেষক দল ইরানে অন্তত ৫৩৩টি বাঁধের অবস্থান শনাক্ত করেছে। শোকরি জানান, চলতি বছর সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার মানচিত্রের সঙ্গে বাঁধগুলোর অবস্থান তুলনা করে তিনি বিস্ময়কর সাদৃশ্য দেখতে পান।

দ্য নিউইয়র্ক টাইমসকে শোকরি বলেন, ‘বিষয়টি সবসময়ই আমার কাছে ধাঁধার মতো ছিল। তারা এত বেশি বাঁধ কেন নির্মাণ করছিল?’ বিমান হামলার ঘটনাগুলো বিশ্লেষণের পর তার মনে আরও একটি প্রশ্ন তৈরি হয়—যেসব এলাকায় বাঁধ রয়েছে, সেগুলোর কাছাকাছি কেন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু দেখা যাচ্ছে?

প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা সাতজন পানি ও সামরিক বিশেষজ্ঞের ধারণা, ইরানের বড় আকারের ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো সচল রাখতে বাঁধ থেকে পানি ও বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরীগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন, সংরক্ষণ এবং উৎক্ষেপণের জন্য বিভিন্ন স্থাপনা রয়েছে। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ ও সুরক্ষিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে এসব সামরিক স্থাপনাকে সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষার ব্যবস্থা করা হয়েছে।

ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচের মতে, নিজস্ব পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলে ইরানের এসব সামরিক স্থাপনা দেশের প্রচলিত নাগরিক অবকাঠামোর ওপর নির্ভরতা কমিয়ে স্বাধীনভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

তিনি বলেন, ‘জরুরি সেবার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যাতে দেশের সামগ্রিক অবকাঠামোর ওপর নির্ভরশীল না থাকে, তা নিশ্চিত করার যথেষ্ট কারণ তেহরানের রয়েছে।’

তবে বাঁধ নির্মাণ ও পানি স্থানান্তর প্রকল্পগুলোর সঙ্গে ভূগর্ভস্থ সামরিক স্থাপনার সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত নয়। গবেষকদের পর্যবেক্ষণ ও বিশেষজ্ঞদের বিশ্লেষণের ভিত্তিতেই এ সন্দেহের কথা সামনে এসেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল