রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পরপরই রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১ নম্বরের টেকনিক্যালগামী সড়কে ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান অগ্নিসংযোগ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর-১ এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আল আমিন জানান, যাত্রী নামানোর জন্য বাসটি স্ট্যান্ডে থামানো হয়েছিল। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে ওঠা দুর্বৃত্তরা গানপাউডারজাতীয় কোনো পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, আগুন লাগার পর বাসে থাকা যাত্রী, চালক ও সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।



