গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (১৫ নভেম্বর) এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
ওসি জানান, বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার বাদী মোসলেম উদ্দিনের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।



