পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেলে ভবিষ্যতে ক্যানসারে আক্রান্ত হওয়া এবং এ রোগে মৃত্যুর আশঙ্কা বাড়তে পারে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষের শরীরে এ হরমোনের মাত্রা সবচেয়ে কম, তাদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় ১৮ শতাংশ বেশি। এমনকি ক্যানসার শনাক্ত হওয়ার বহু বছর আগেই টেস্টোস্টেরনের মাত্রা ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।
তবে সব ধরনের ক্যানসারের ক্ষেত্রে টেস্টোস্টেরনের প্রভাব এক নয়। গবেষণায় এ হরমোনের মাত্রার সঙ্গে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। বরং সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন (এসএইচবিজি) এবং লুটিনাইজিং হরমোনের মাত্রা কম থাকলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেশি দেখা গেছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক বু ইয়েপের নেতৃত্বে পরিচালিত ‘অ্যান্ড্রোজেনস ইন মেন স্টাডি’ (এআইএমএস) প্রকল্পে এসব তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ল্যানসেট হেলদি লংজেভিটি’-তে।
২৬ হাজারের বেশি পুরুষের তথ্য বিশ্লেষণ
গবেষণায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১১টি দীর্ঘমেয়াদি গবেষণার আওতায় থাকা ২৬ হাজারের বেশি পুরুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে।
গবেষকেরা অংশগ্রহণকারীদের জীবনের আগের পর্যায়ে সংগ্রহ করা রক্তের নমুনা পরীক্ষা করে টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি), এসএইচবিজি ও লুটিনাইজিং হরমোনের মাত্রা নির্ণয় করেন। পরবর্তী কয়েক দশকে এসব ব্যক্তির ক্যানসারে আক্রান্ত হওয়া এবং এ রোগে মৃত্যুর তথ্যের সঙ্গে হরমোনের মাত্রার তুলনা করা হয়।
গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক বু ইয়েপ জানান, যেসব পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম ছিল, তাদের মধ্যে ক্যানসারে মৃত্যুর আশঙ্কা তুলনামূলক বেশি পাওয়া গেছে। বয়সসহ অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নেওয়ার পরও এই সম্পর্কের বিষয়টি বজায় ছিল।
গবেষণার তথ্য অনুযায়ী, রক্তে টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে ৮ দশমিক ৬ ন্যানোমোলের নিচে নেমে গেলে ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি বাড়তে শুরু করে। সাধারণত সুস্থ তরুণ পুরুষের শরীরে এ হরমোনের স্বাভাবিক মাত্রা প্রতি লিটারে ১০ থেকে ৩০ ন্যানোমোল। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরনের পরিমাণ কমতে পারে। এ ছাড়া অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব এবং ডায়াবেটিসের মতো স্বাস্থ্যগত সমস্যাও হরমোনটির মাত্রায় প্রভাব ফেলে।
প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে কী বলছে গবেষণা?
টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে সামগ্রিকভাবে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়লেও প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে একই ধরনের সম্পর্ক পাওয়া যায়নি। গবেষকেরা জানিয়েছেন, টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে এ ক্যানসারে আক্রান্ত হওয়ার সরাসরি যোগসূত্র নেই।
বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় অনেক সময় টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেওয়ার পদ্ধতি ব্যবহার করা হয়। তবে গবেষণায় দেখা গেছে, এসএইচবিজি ও লুটিনাইজিং হরমোনের মাত্রা কম থাকলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেশি হতে পারে।
টেস্টোস্টেরন বাড়াতে নিজে থেকে সাপ্লিমেন্ট নয়
শরীরে টেস্টোস্টেরনের ঘাটতির সঙ্গে ক্যানসারে মৃত্যুর ঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও হরমোনটির মাত্রা কৃত্রিমভাবে বাড়ালে ক্যানসারের আশঙ্কা কমবে—এমন কোনো প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি। এ কারণে ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে চিকিৎসকের পরামর্শ ছাড়া টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট গ্রহণ না করার বিষয়ে সতর্ক করেছেন গবেষকেরা।
অধ্যাপক বু ইয়েপের পরামর্শ, কারও শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। এর মাধ্যমে হরমোনের ঘাটতির পাশাপাশি ডায়াবেটিসসহ অন্যান্য রোগ ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করা সম্ভব।
তিনি আরও স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, টেস্টোস্টেরনের কম মাত্রার সঙ্গে ক্যানসারের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও এটি যে সরাসরি ক্যানসারের কারণ, গবেষণায় তা প্রমাণিত হয়নি।
সূত্র: সায়েন্স ডেইলি।



