tanaka
প্রচ্ছদলাইফস্টাইলরক্তের তিন সংকেতেই শনাক্ত হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার, নতুন পরীক্ষায় সাফল্য ৮৭...

রক্তের তিন সংকেতেই শনাক্ত হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার, নতুন পরীক্ষায় সাফল্য ৮৭ শতাংশ

প্রাণঘাতী ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার অন্যতম। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা বেশ কঠিন হওয়ায় অনেক ক্ষেত্রে ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার পর চিকিৎসা শুরু করতে হয়। তবে এবার এ রোগ দ্রুত শনাক্তের নতুন সম্ভাবনা তৈরি করেছে একটি রক্ত পরীক্ষা। গবেষকদের দাবি, নতুন পরীক্ষাটি অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের রোগীদের ৮৭ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি এ পরীক্ষার নাম ‘প্যানজিওন’। এতে রক্তের তিন ধরনের জৈবিক সংকেত বা বায়োমার্কার বিশ্লেষণ করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে এসব তথ্য একত্র করে ক্যানসারের সম্ভাবনা নির্ণয় করা হয়।

গবেষণায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার প্রায় ১ হাজার ৮০০ মানুষের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, প্রাথমিক পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্তে পরীক্ষাটির সাফল্যের হার ৮৭ শতাংশ। ভুলভাবে ক্যানসার শনাক্তের হারও তুলনামূলক কম। কম ঝুঁকির ব্যক্তিদের ক্ষেত্রে এ হার প্রায় ৩ শতাংশ এবং বেশি ঝুঁকির ক্ষেত্রে ১৬ শতাংশ।

এ ছাড়া ক্যানসারে রূপ নেওয়ার আগের পর্যায়ের গুরুতর ক্ষত বা হাই-গ্রেড ডিসপ্লাসিয়া শনাক্ত করার ক্ষেত্রেও পরীক্ষাটি প্রায় ৬৪ শতাংশ সাফল্য দেখিয়েছে।

কেন অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত করা কঠিন?

মানবদেহের বেশ গভীরে অগ্ন্যাশয়ের অবস্থান হওয়ায় সাধারণ শারীরিক পরীক্ষার মাধ্যমে সেখানে টিউমার শনাক্ত করা কঠিন। এ ছাড়া রোগের প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে ক্যানসার বড় হয়ে যাওয়া কিংবা অন্য অঙ্গে ছড়িয়ে পড়ার পর অনেক রোগী চিকিৎসকের শরণাপন্ন হন।

পেটে ব্যথা, অস্বাভাবিক ওজন কমে যাওয়া, শরীরে চুলকানি এবং জন্ডিস এ রোগের উল্লেখযোগ্য লক্ষণ। সাধারণত রোগীর শারীরিক অবস্থা ও রক্ত পরীক্ষার ফল বিবেচনা করে চিকিৎসকেরা সিটি স্ক্যান কিংবা এমআরআই করার পরামর্শ দেন। অগ্ন্যাশয়ে সন্দেহজনক টিউমার দেখা গেলে বায়োপসির মাধ্যমে ক্যানসারের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করা হয়।

যেভাবে কাজ করবে প্যানজিওন পরীক্ষা

নতুন এ পরীক্ষায় রক্তের তিন ধরনের বায়োমার্কার পরীক্ষা করা হয়। এগুলো হলো—

  • সার্কুলেটিং মাইক্রোআরএনএ।

  • এক্সোসোমাল মাইক্রোআরএনএ।

  • কার্বোহাইড্রেট অ্যান্টিজেন ১৯-৯ (সিএ১৯-৯)।

গবেষকদের মতে, একাধিক জৈবিক সংকেত একসঙ্গে বিশ্লেষণ করার ফলে রোগীর শরীরের পরিবর্তন সম্পর্কে তুলনামূলক নির্ভরযোগ্য ধারণা পাওয়া সম্ভব। এআই প্রযুক্তি এসব সংকেতের সমন্বিত বিশ্লেষণ করে ক্যানসারের সম্ভাবনা নির্ধারণে সহায়তা করে।

গবেষণার প্রধান গবেষক ও যুক্তরাষ্ট্রের সিটি অব হোপ মেডিকেল সেন্টারের অধ্যাপক অজয় গোয়েল জানান, এ প্রযুক্তি ভবিষ্যতে ক্যানসার ছড়িয়ে পড়ার আগেই অগ্ন্যাশয়ের বিপজ্জনক ক্ষত শনাক্তের সুযোগ তৈরি করতে পারে।

এখনই কি প্রচলিত পরীক্ষার বিকল্প হতে পারে?

নতুন পরীক্ষার ফল আশাব্যঞ্জক হলেও বিশেষজ্ঞরা এখনই এটিকে এমআরআই, আল্ট্রাসাউন্ড কিংবা প্রচলিত অন্যান্য রোগ নির্ণয় পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহারের পক্ষে নন।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আব্রামসন ক্যানসার সেন্টারের পরিচালক রবার্ট ভন্ডারহাইড মনে করেন, সাধারণ মানুষের মধ্যে পরীক্ষাটি ব্যবহারের আগে এর নির্ভুলতা আরও ব্যাপকভাবে যাচাই করা প্রয়োজন।

গবেষকদের আশা, অগ্ন্যাশয়ের ক্যানসারের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্যানজিওন চিকিৎসকদের দ্রুত স্ক্যান বা প্রয়োজনীয় পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তবে এ পরীক্ষা ব্যবহারের ফলে রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা সত্যিই বাড়ে কি না, তা নিশ্চিত হতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

তাই আপাতত সাধারণ মানুষের জন্য নিয়মিতভাবে এ পরীক্ষা করানোর সুপারিশ করা হচ্ছে না। গবেষণার ফল ইতিবাচক হলেও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক ব্যবহারের আগে এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা জরুরি।

সূত্র: নিউজউইক।