tanaka
প্রচ্ছদসারাদেশসাত দিনের আল্টিমেটাম ১-১২তম নিবন্ধনধারীদের, দাবি পূরণ না হলে বিভাগীয় মহাসমাবেশ

সাত দিনের আল্টিমেটাম ১-১২তম নিবন্ধনধারীদের, দাবি পূরণ না হলে বিভাগীয় মহাসমাবেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগে নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা। দাবি পূরণে সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশের প্রতিটি বিভাগে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন নিয়োগপ্রত্যাশীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিজেদের দাবিগুলো সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরতে চান তারা। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখন পর্যন্ত সেগুলোর বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে নতুন করে কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীদের দাবি, তাদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। তাই দ্রুত সেগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

চাকরিপ্রত্যাশীরা বলেন, গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যে সুপারিশ করেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তারা আরও জানান, আগামী সাত দিনের মধ্যে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করা হলে আনন্দ মিছিলের মাধ্যমে কর্মসূচি পালন করবেন। অন্যথায় পরবর্তী সপ্তাহে দেশের প্রতিটি বিভাগে মহাসমাবেশ আয়োজন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদক ১ম থেকে ১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ওই বক্তব্যের প্রতিবাদ জানাতেও তাদের এই কর্মসূচি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটির কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জনবল কাঠামোসংক্রান্ত প্রজ্ঞাপন এবং ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর নেওয়া সর্বশেষ পদক্ষেপ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এসব বিষয় পর্যালোচনা করে নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া নির্বাহী আদেশের মাধ্যমে সম্পন্ন করার সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।