চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ দেখে প্রথমে চিৎকার করে স্থানীয়দের জড়ো করেছিলেন জাকির মুন্সী। তবে সেই জাকিরকেই শেষ পর্যন্ত হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আমেনা বেগম নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিহত মো. দুলাল আলম হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাকির মুন্সী ও আমেনা বেগমকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দুপুরে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মরহুম কলিম উদ্দিন মুন্সীর বাড়ির পুকুর থেকে দুলাল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মুন্সীবাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী, তাঁর দুই পুত্রবধূ এবং জলিল মুন্সীর ছেলে জাকির মুন্সীকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাকির মুন্সী ও আমেনা বেগমকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আটক অপর দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
লাশ উদ্ধারের ঘটনায় প্রথমে চিৎকার করেন জাকির
আটকের আগে সংবাদকর্মীদের কাছে জাকির মুন্সী দাবি করেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি গোসল করতে পুকুরে নামেন। এ সময় তাঁর ডান পায়ে কিছু একটা লাগলে ভয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে স্থানীয় এক ইউপি সদস্যের নির্দেশনায় তিনজন মিলে পুকুর থেকে দুলাল আলমের মরদেহ উদ্ধার করেন বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দুলাল আলমকে। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা এবং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শ মানুষ অংশ নেন।
মাথায় আঘাতের চিহ্ন দেখেছেন চেয়ারম্যান
কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেখানে তিনি এবং উপস্থিত অন্যরা দুলাল আলমের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন দেখতে পান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
চেয়ারম্যান আরও বলেন, দুলাল আলমের বাড়ি নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়ায়। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, আত্মীয়তার সম্পর্কের কারণে দুলাল আলম প্রায়ই একই গ্রামের পশ্চিমপাড়ার মুন্সীবাড়িতে যাতায়াত করতেন। মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যাতেও তিনি ওই বাড়িতে গিয়েছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।
এদিকে দুলাল আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেছেন তাঁর ছেলে তামিম, স্বজন এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের দাবি, এটি হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



